ইরাকে নির্বাচনী সমাবেশে সিরিজ বোমায় নিহত ৩১
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২১:৩৯
ইরাকের রাজধানী বাগদাদে একটি শিয়া সমপ্রদায়ের এক নির্বাচনী সমাবেশে ধারাবাহিক বোমা হামলায় অন্ততপক্ষে ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু লোক আহত হয়েছেন। শুক্রবার ইরাকের আসায়িব আহল আল-হক দলের সমাবেশে এই ধারাবাহিক হামলা চালানো হয়। আল-কায়েদার দলছুট জঙ্গি গোষ্ঠী দি ইসলামিক স্টেট অব ইরাক এবং দ্য লেভান্ত (আইএসআইএল নামে পরিচিত) এসব হামলার দায়িত্ব স্বীকার করেছে। জনসভা শেষে লোকজন সমাবেশস্থল ত্যাগ করার সময় তিনটি বিস্ফোরণ ঘটানো হয়। এদের মধ্যে প্রথম দু’টি বিস্ফোরণ হয় ট্রাক বোমার ও পরেরটি রাস্তার পাশে পেতে রাখা বোমার। বুধবার ইরাকের পরবর্তী পার্লামেন্ট নির্বাচন। ২০১১ সালে মার্কিন বাহিনী ইরাক ছেড়ে যাওয়ার পর দেশটিতে এটিই প্রথম পার্লামেন্ট নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখেই হামলাটি চালানো হয়। শিয়া নেতৃত্বাধীন আসায়িব আহল আল-হক দলটি ইরানের মদদপুষ্ট এবং সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রকাশ্য সমর্থক।
নির্বাচনে ইরাকি পার্লামেন্টের ৩২৮ আসনের জন্য ৯ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্ব্বিতা করছেন। তাবে সুন্নি সংখ্যাগরিষ্ঠ আনবার প্রদেশে যেসব এলাকায় দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গিদের লড়াই চলছে সেসব এলাকায় ভোট গ্রহণ করা হবে না।