শেরপাদের অভিযান বয়কটের হুমকি

শেরপাদের অভিযানে না যাওয়ার হুমকির মুখে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্টের বেইসক্যাম্প থেকে অভিযাত্রীরা নিচে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। এক সপ্তাহ আগে বরফ ধসে ১৩ শেরপা নিহত ও আরো তিনজন নিখোঁজ হওয়ার পর বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার বিক্ষুব্ধ শেরপারা এ বছর অভিযানেই না যাওয়ার হুমকি দিয়েছে। শেরপা সংগঠনের দাবি, এখনও বরফের ফাটলে চাপা আছে তিন শেরপার দেহ। গত রবিবার দুপুরের পর থেকে আবহাওয়া খারাপ হওয়ায় মরদেহ উদ্ধার না করেই কাজ বন্ধ করে দিতে হয়। কিন্তু তা মানতে পারেনি শেরপাদের সংগঠন। তাদের বক্তব্য:অবিলম্বে ওই দেহগুলো উদ্ধার করতে হবে। এছাড়াও আরও ১২ দফা দাবি পেশ করেছে তারা। যে দাবিগুলো মানা না হলে এ বছর আর কোনও শেরপা অভিযানে অংশ নেবেন না বলে হুমকি দিয়েছে সংগঠন। তাতেই মাথায় হাত পড়েছে অভিযাত্রীদের।