প্রেসক্লাবে সরগমের উচ্চাঙ্গ সঙ্গীতের আসর

গ্রীষ্মের প্রচণ্ড খরদাহ উপেক্ষা করে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দেশের সংগীত বিষয়ক একমাত্র পত্রিকা সরগম ও সরগম সাংস্কৃতিক দল আয়োজন করেছিল রাতব্যাপী উচ্চাঙ্গ সংগীতের আসর। সরগম-এর ঐতিহ্য অনুযায়ী ঠিক ৯.৩০-এ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশে উচ্চাঙ্গ সংগীতের প্রচার ও প্রসারের পথিকৃত প্রয়াত শফিউর রহমানের প্রতি উত্সর্গ করা হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত কিংবদন্তিতুল্য শিল্পী বশির আহমেদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর সরগম সাংস্কৃতিক দলের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস স্বাগত বক্তব্য পেশ করেন। সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন এ অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে প্রথম শিল্পী ছিলেন ড. ইশরাত জাহান। তিনি রাগ মারুবেহাগ পরিবেশন করেন। এরপর সেতারে রাগ মারুবেহাগ পরিবেশন করেন রীনাত ফওজিয়া। ওস্তাদ আজিজুল ইসলাম বাঁশিতে দরবারী কানারা, ফকির সুমন রাগযোগ, জাবীর ইমাম খান শাহী আভোগী কানাডা, শাহীনুর রেজা মাল কোষ এবং শাহাদাত্ হোসেন খান সরোদে পরিবেশন করেন রাগ মিশ্র খাম্বাজ। এরপর রাগ দুর্গা পরিবেশন করেন ড. প্রদীপ কুমার নন্দী। শিল্পী মানিক রহমান পরিবেশন করেন দুটি ঠুমরি এবং আমিন আক্তার সাদবানী পরিবেশন করেন রাগ ভায়রো। ভোরের আযান শুরু হওয়ার আগেই মঞ্চে উঠেন করিম হাসান খান। তিনি প্রথমে টোরি ও পরে আহির ভায়রো পরিবেশনার মাধ্যমে শ্রেতাদের মুগ্ধ করেন। তবলায় সহযোগিতা করেন অরুণ চন্দ্র দাস ও প্রশান্ত কুমার দাস।-প্রেস বিজ্ঞপ্তি