মংলা বন্দর শহরে খাবার পানির তীব্র সংকট

মংলা বন্দর শহরসহ আশপাশের এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মংলা পৌরসভার পক্ষ থেকে শহরবাসীর জন্য বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। বিশুদ্ধ পানির প্রয়োজন মেটাতে নারী-পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কলস, জেরিক্যান, ড্রাম নিয়ে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে। বিশুদ্ধ খাবার পানি না পেয়ে অনেকেই বাধ্য হয়ে দূষিত লবণ পানি পান করছে। এতে করে শিশুসহ অনেক পৌরবাসীই প্রচণ্ড গরমে পেটের পীড়াসহ পানি বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। মংলা বন্দর শহরে বিশুদ্ধ খাবার পানির সংকট দীর্ঘদিনের। বন্দর সৃষ্টির আগ থেকেই এ অঞ্চলে খাবার পানির সংকট চলে আসছে। বন্দরের কার্যক্রম আনুষ্ঠানিক শুরু হওয়ার পর থেকে বন্দর কর্তৃপক্ষ তাদের সংশ্লি¬ষ্টদের জন্য খুলনা থেকে বার্জের (নৌযান) মাধ্যমে ও পরবর্তীতে ফয়লা থেকে পাইপ লাইনের মাধ্যমে শহরে খাবার পানি সরবরাহ করে আসছে। এ পাইপ লাইনের পানি নতুন ও পুরাতন বন্দর এলাকায় বসবাসকারীদের মধ্যে অর্থের বিনিময়ে সরবরাহ করা হতো। এরপর পুরাতন মংলায় (শহর) বসবাসকারী জনসাধারণের পানির প্রয়োজন মেটাতে শহরতলীর মাকরঢোন এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে একটি পানি শোধনাগার ও সরবরাহ প্রকল্প বাস্তবায়ন করা হয়। প্রায় ২৫ কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প থেকে প্রথম দফায় পৌরসভার ২৫ কিলোমিটার এলাকায় সরবরাহ লাইন স্থাপন করে দু’হাজার পরিবারের মধ্যে পানি সরবরাহ করার কথা। শর্তানুসারে ওই দু’হাজার সংযোগ গ্রহীতা নিরবচ্ছিন্ন পানি পাওয়ার কথা। কিন্তু এ পর্যন্ত ১২শ’ সংযোগ দেয়া হয়েছে। এর মধ্যেও পৌরসভার ৮ ও ৯নং ওয়ার্ডসহ শহরতলীর বিভিন্ন এলাকার বাসিন্দারা চাহিদামত পানি পাচ্ছে না। পৌর মেয়র মোঃ জুলফিকার আলী বলেন, আগের প্রকল্পের মত আরো একটি পানির প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এটি সমাপ্ত হলে পৌরবাসীর পানির সমস্যা থাকবে না।