অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বাজেট হবে একটি স্মার্ট বাজেট। বাজেট বক্তব্যের আকার গতানুগতিক বিশাল সাইজের থাকছে না, এটি হবে সংক্ষিপ্ত এবং টু-দ্য পয়েন্ট। তাই বলে বাজেটের আকার ছোট হবে না, বরং যে কোনো সময়ের তুলনায় এটি হবে রেকর্ড বাজেট। ২০১৯-২০ অর্থবছরের নতুন বাজেটে থাকবে নতুন নতুন উদ্যোগ। বাজেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী পালনের প্রতিফলন থাকবে।
শুক্রবার কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আগামী বাজেটে বেশি মনোযোগ থাকবে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ‘আমার গ্রাম আমার শহর’ ও কর্মসংস্থান সৃষ্টির দিকে। গ্রামকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। যেখানে ইন্টারনেট, বিদ্যুত্, গ্যাসসহ সকল ধরনের নাগরিক সুবিধা তৃণমূল পর্যায়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।
ধানের দাম নিয়ে সমস্যার বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমাদের কৃষককে বাঁচাতে হবে। সে লক্ষ্যে আমরা চাল আমদানি নিরুত্সাহিত করতে শুল্ক ২৮ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশে উন্নীত করেছি। এ সিদ্ধান্তে দেশের কৃষকরা আর্থিক ক্ষতির হাত থেকে কিছুটা রেহাই পাবেন। পাশাপাশি চাল রপ্তানির দিকেও আমাদের জোর দিতে হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও চাল রপ্তানির পদক্ষেপ গ্রহণ করা হবে। বর্তমান উন্নয়নবান্ধব সরকার দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ নিতেই পিছপা হবে না।
মন্ত্রী আরো বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্বিতীয় মেঘনা সেতু ও দ্বিতীয় গোমতী সেতু খুলে দিলে ঈদুল ফিতরে ঘরমুখী মানুষের যাত্রা অনেকটা নিরাপদ, যানজটমুক্ত এবং স্বস্তিদায়ক হবে এবং আমাদের অর্থনীতিকে করবে আরো গতিশীল।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক, সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার প্রমুখ।