জয়দেবপুর-এলেঙ্গা মহাসড়ক চার লেনে উন্নীত করা হবে :যোগাযোগমন্ত্রী

গাজীপুরের জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিমি মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের দরপত্র আগামী মাসে আহবান করা হবে বলে জানিয়েছেন, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শনিবার মহাসড়ক পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান। এ সময় যোগাযোগমন্ত্রী বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রকল্পের কাজ শুরু করা যাবে। প্রায় তিন হাজার ৬৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের মধ্যে রয়েছে পাঁচটি ফ্লাইওভার, ২৬টি সেতু এবং ৬০টি কালভার্ট নির্মাণ। চার লেন সড়ক প্রকল্পের দরপত্র দলিল এশীয় উন্নয়ন ব্যাংকের মতামতের জন্যেও পাঠানো হয়েছে বলে জানান যোগাযোগমন্ত্রী। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাপুরের সংসদ সদস্য একাব্বর হোসেন, প্রকল্প পরিচালক দিলীপ কুমার গুহ, প্রকল্প ব্যবস্থাপক জিকরুল হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি প্রমুখ।