নিহতদেরও আসামি করে মামলা

কক্সবাজারের টেকনাফে নাফনদীতে কোস্টগার্ডের সঙ্গে মাদক ব্যবসায়ীদের বন্দুকযুদ্ধের ঘটনায় নিহত তিন ব্যক্তিসহ ১৫ জনকে আসামি করে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে। গত শুক্রবার রাতে কোস্টগার্ড শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার মো. তারেক মোস্তফা এ মামলা করেন। এজাহার সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে নাফনদীর শাহপরীর দ্বীপ ঘোলার চর এলাকায় মাদক ব্যবসায়ী ও কোস্টগার্ডের মধ্যে বন্দুকযুদ্ধে ৩ ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কোস্টগার্ডের ২ সদস্য ও কোস্টগার্ডের ট্রলার মাঝি। এ ঘটনায় গুলিবিদ্ধ একজনসহ ৫ জনকে আটক করেছে কক্সবাজার থানা পুলিশ। এতে আহত কোস্টগার্ডের এমই-১ আবদুস সামাদকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল ও এবি মোহাম্মদ ফায়সালকে চট্টগ্রাম নৌবাহিনীর হাসপাতাল এবং কোস্টগার্ডের ট্রলার মাঝি আমান উল্লাহকে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেসে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতরা হলেন টেকনাফের শাহপরীরদ্বীপের আমিন মাঝি প্রকাশ ভুলু মাঝি, মহেশখালীর গোরকঘাটা এলাকার কালু ও কক্সবাজার সদরের ইসলামপুর পাহাড়তলির এলাকার জহির আহমদ। এদের লাশ কক্সবাজারের সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। কক্সবাজার সদর থানার এসআই সাইফুল ইসলাম জানান, শনিবার দুপুরে জহির আহমদের লাশ নিতে তার দ্বিতীয় স্ত্রী হাসপাতালে আসেন। তবে লাশ এখনো হস্তান্তর করা হয়নি।