অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

অবশেষে রাজধানীতে এলো সেই স্বস্তির বৃষ্টি। গত কয়েকদিন ধরে তীব্র গরমের পর এ বৃষ্টি যেন শান্তির পরশ হয়ে দেখা দিয়েছে। গতকাল শনিবার রাজধানীর কাওরানবাজার, উত্তরা, মিরপুর, বারিধারাসহ বিভিন্ন এলাকায় বিকালের দিকে বহু কাঙ্ক্ষিত এই বৃষ্টি সবার মনে এক ধরনের প্রশান্তি বয়ে আনে। শুরুতে হালকা বৃষ্টি হলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভারি বৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়া পূর্বাভাস কর্মকর্তা (ডিএফও) আরিফ হোসেন গতকাল ইত্তেফাককে বলেন, বঙ্গোপসাগর থেকে দক্ষিণা বাতাস শুরু হওয়াসহ আরো কয়েকটি কারণে বৃষ্টি শুরু হয়েছে। আর বৃষ্টিপাত শুরু হওয়ায় তাপমাত্রাও কমবে। গতকাল শনিবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রী সেলসিয়াস। যা আগের দিনের তুলনায় ১ ডিগ্রী সেলসিয়াস কম। তবে গত বৃহস্পতিবার ঢাকায় গত ৫৪ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়। এরআগে ১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। এদিকে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য এলাকাতেও তাপমাত্রা কমছে। গতকাল রাজশাহীতে ৪০ দশমিক ৭, যশোরে ৩৯ দশমিক ২, টাঙ্গাইলে ৩৯ ও রাঙ্গামাটিতে ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা আগের দিনের তুলনায় কম। ইতিমধ্যে দেশের ভোলা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টিপাত শুরু হওয়ায় দেশের সব জায়গাতেই এখন তাপমাত্রা কমতে থাকবে। তবে তা ধীরে ধীরে কমবে। উল্লেখ্য, কয়েকদিন ধরে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ার পাশাপাশি বেড়েছে সূর্যের তাপ। এছাড়া আকাশে মেঘের কোনো বলয় ছিল না। এতে তাপমাত্রার তীব্রতা বায়ুমন্ডলে কোনো ধরনের বাধা না পেয়ে সরাসরি চলে আসে এবং গরমের তীব্রতা বাড়তে থাকে। ফলে তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠে জনজীবন। পাকুন্দিয়ায় শিলাবৃষ্টি পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা জানান, কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গতকাল শনিবার শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সকাল থেকে প্রচণ্ড ভ্যাপসা গরমের পর বিকাল সাড়ে ৫টার দিকে পাকুন্দিয়া উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি শুরু হয়। ১০ মিনিট ধরে হওয়া শিলায় রাস্তাঘাট, মাঠ ঢেকে যায়। এসময় বোরো ধান, ছোট ছোট আম, কাঁঠাল, লিচু ও অন্যান্য মৌসুমি সবজি ঝরে পড়ে। টাঙ্গাইলে এক পশলা বৃষ্টি মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, তীব্র তাপদাহের পর গতকাল শনিবার বিকালে টাঙ্গাইলের মির্জাপুরে এক পশলা স্বস্তির বৃষ্টি হয়েছে। বিকাল পাঁচটার দিকে হঠাত্ করে দমকা হাওয়া এবং সেই সেঙ্গ হালকা বৃষ্টি। তীব্র তাপদাহ থেকে একটু স্বস্তি পেতে লোকজন বাসাবাড়ির ছাদে এবং রাস্তায় নেমে আসে বৃষ্টিতে গা ভেজানোর জন্য।