আজ আবদুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকী
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:২৬
জাতির পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব আবদুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের এই দিন সন্ধ্যায় রাজধানীর এক হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকী পালনে ঢাকাসহ তার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ ও সিলেটে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে। আজ রবিবার সকালে মরহুমের বাসভবনে (৮৩, লেকসার্কাস, কলাবাগান) কোরআনখতম, কলাবাগান লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল ও মোনাজাত, সকাল ৯টা বনানী কবরস্থানে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া পাঠ এবং বাদ আছর ‘লেকভিউ জামে মসজিদ’-এ বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে মরহুমের সহকর্মী, শুভানুধ্যায়ীসহ সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এসব কর্মসূচিতে আওয়ামী লীগ অংশ নিবে। এছাড়া আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশনের আয়োজনেও বিভিন্ন কর্মসূচি পালিত হবে।