ওবামার উপদেষ্টা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত নীনা আহমাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক বিজ্ঞানী ড. এন নীনা আহমাদ। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের ‘এশিয়ান আমেরিকান অ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডের (এএপিআই) বিষয়ক উপদেষ্টা কমিশনে নিয়োগ দেয়া হয়েছে। তিনিসহ এ কমিশনের মোট ১৪ জন সদস্য রয়েছেন। গত বৃহস্পতিবার হোয়াইট হাউস এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার তার এশিয়ান আমেরিকানস অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ডারস-বিষয়ক কমিশনের ১৪ জন উপদেষ্টা নিয়োগের প্রস্তাব দিয়েছেন। এই কমিশন যুক্তরাষ্ট্রে এশীয় আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপবাসী (এএপিআইস) সমপ্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন সদস্যরা দেশজুড়ে এএপিআই নাগরিকদের কেন্দ ীয় কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার উপায় উদ্ভাবনের বিষয়ে প্রেসিডেন্টকে পরামর্শ দেবেন। একই সঙ্গে তাদের স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও মঙ্গলের জন্যও উপায় উদ্ভাবন করবেন। ড. নীনা আহমাদ চক্ষুরোগ ও হাড়-বাতের ক্ষেত্রে কোলাজেন ও জিনগত প্রভাব নিয়ে গবেষণা ও আবিষ্কারের জন্য খ্যাতি অর্জন করেন। এ সংক্রান্ত তার একটি প্যাটেন্টও রয়েছে। এছাড়া ফরেনসিক ডিএনএ বিশেষজ্ঞ হিসেবেও তার খ্যাতি রয়েছে। অভিবাসীদের সহায়তার জন্য ১৯৯৪ সালে গড়ে ওঠা ফিলাডেলফিয়াভিত্তিক রিয়েল এস্টেট ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কনসালটিং কোম্পানি-জেএনএ ক্যাপিটলের অন্যতম উদ্যোক্তা তিনি। এই প্রতিষ্ঠানের ৪৯ শতাংশ মালিকানা তার। ফিলাডেলফিয়ায় বসবাসরত এশিয়ান-আমেরিকানদের উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন নীনা আহমাদ। ২০০৯ সালে ফিলাডেলফিয়ার মেয়র মাইকেল নাটার তাকে নিজের এশিয়ান-আমেরিকান বিষয়ক ২৫ সদস্যের কমিশনের চেয়ারপারসন নিয়োগ করেন। স্বামী আহসান নসরতউল্লাহ এবং দুই মেয়েকে নিয়ে ফিলাডেলফিয়ার উত্তর-পশ্চিমের মাউন্ট এয়ারিতে বসবাস করছেন নীনা আহমাদ।