নারী উত্ত্যক্তকারী দুই বিমানযাত্রীর জরিমানা
প্রকাশ : ২৬ এপ্রিল ২০১৪, ২৩:৩০
নারী যাত্রীদের উত্ত্যক্ত করার অপরাধে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দুবাই থেকে আসা দুই যাত্রীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার রাতে ফ্লাইটটি শাহজালাল বিমানবন্দরে নামার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্বাহী হাকিম সিদ্দিকা আক্তার ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ইমন (৩৮) ও মিন্টু শিকদার (৪৩) নামক ওই দুজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।
শাহজালাল বিমানবন্দরে পৌঁছার পর ইমন ও মিন্টু দুই নারীর পিছু নেয়। তখন তারা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের জানালে দুজনকে আটক করা হয়। পরে সিভিল এভিয়েশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের জরিমানা করেন। ইমনের বাড়ি পিরোজপুরে, মিন্টুর বাড়ি বরিশালে। তারা ব্যবসায়িক কাজে দুবাই যান।