ছিনতাইকারীদের ধাওয়ার ওপর রেখেছি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, আমরা ছিনতাইকারীদের ধাওয়ার ওপর রেখেছি, দৌড়ের ওপর রেখেছি। যার কারণে অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। আর এ কারণে এবার রোজায় ঢাকা শহরে বলার মতো কোনো ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা ঘটেনি। এমনকি অজ্ঞান পার্টি ও চুরির মতো ঘটনাও ঘটেনি। অভিযানের ফলে অনেকে গ্রেফতার হয়ে কারাগারে রয়েছে। আমাদের কর্মকাণ্ডের  জন্য অপরাধীরা নিয়ন্ত্রণে ও দমনে রয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় মজার স্কুল-এর উদ্যোগে পথশিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এসব কথা বলেন। উল্লেখ্য, এর আগে গত ২১ মে পল্টন কমিউনিটি সেন্টারে পোশাক বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেছিলেন, ঢাকা শহরে কোনো ছিনতাইকারী নেই। তাদের আমরা নিশ্চিহ্ন করেছি।

ঈদ শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন করার জন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে বলে নগরবাসীকে আশ্বস্ত করেন ডিএমপি কমিশনার।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ঘরমুখী মানুষ যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারে, আবার ঈদ উদযাপন শেষে নিরাপদে ঢাকায় ফিরতে পারে, সেজন্য নানামুখী কাজ করা হচ্ছে। বাস টার্মিনাল ও রেলওয়ে স্টেশনে যেন কোনো ঝামেলা না হয়, সেজন্য পুলিশসহ গোয়েন্দারা কাজ করছেন।

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ একা অপরাধীদের দমন করতে পারবে না, সুশাসন আনতে পারবে না, জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা করতে পারবে না। যখন সাংবাদিক, পেশাজীবী, জনপ্রতিনিধি সবাই একসঙ্গে কাজ করতে পারব, তখনই সবকিছু সম্ভব।