প্রিয়াঙ্কার সাথে জন ট্রাভোল্টা!

ছবিটি নিছক কোনো নাচের ছবি নয়। বরং একমঞ্চে একাকার হয়ে যাওয়া হলিউড-বলিউডের প্রতীকী ছবি। মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইআইফা)-র অনুষ্ঠান বা সম্মিলনের মূল উদ্দেশ্য ছিল বলিউড ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিক বাজারে আরও খানিকটা সম্পৃক্ত করার। আর সেই লক্ষ্যে দীর্ঘ ক’বছর ধরেই কাজ করছে এই সংগঠন। যদিও কোনো কোনো আসরে অমিতাভ থাকলে শাহরুখ থাকেন না, শাহরুখ থাকলে সালমান থাকেন না। যেমন এবারে এদের কারোরই দেখা নেই। কিন্তু আমেরিকার এই আসরটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে মূলত কয়েকদিনব্যাপী সম্মিলনের পাশাপাশি যৌথভাবে ছবি প্রযোজনা ও বিপণনের এক আলোচনা অনুষ্ঠিত হবে। আর সেক্ষেত্রে অনেকটাই সফল। ইদানীং বলিউড ছবির বিশ্বব্যাপী আয়ের কাছে হলিউডের অনেক ছবিই ধরাশায়ী হচ্ছে। তাই প্রতীকীভাবে আইআইফা অ্যাওয়ার্ডের এই ছবির ক্যাপশনে যদি জন ট্রাভোল্টার সাথে প্রিয়াঙ্কা নাচছেন না বলে প্রিয়াঙ্কার সাথে জন নাচছেন বললে এখন আর মোটেই অত্যুক্তি হবে না। বলিউড পৌঁছে গেছে সেই সাফল্যের দোরগোড়ায়। উল্লেখ্য , এবারের আসরের মূল প্রতিনিধি হিসেবে বিদ্যা বালানের থাকার কথা ছিল। কিন্তু অন্তঃসত্ত্বা থাকার কারণে শেষ দিকে এসে তিনি না বলেন। তার জায়গাতেই পরে প্রিয়াঙ্কাকে অফার করে আইআইফা।