শিহাব শাহীনের চলচ্চিত্রের আনুষ্ঠানিক ঘোষণা
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২০:৪১
শিহাব শাহীনের প্রথম চলচ্চিত্র ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিলেন এশিয়াটিক থ্রিসিক্সটি ব্যবস্থাপনা পরিচালক নাট্যব্যক্তিত্ব সারা যাকের। বেশ ক’মাস ধরেই ছবিটি নিয়ে বিচ্ছিন্নভাবে খবর আসছিল। ছবিটির কেন্দ্রীয় চরিত্র দুটিতে অভিনয় করছেন আরেফিন শুভ ও মম। উল্লেখ্য গতকালের আনুষ্ঠানিক ঘোষণার পর এটি হবে মমর তৃতীয় কোনো চলচ্চিত্র। এর আগে রাকিবুল আলম রাকিবের চলচ্চিত্র ‘প্রেম করব তোমার সাথে’ ছবিতে জায়েদ খানের বিপরীতে তিনি অভিনয় করেছেন। সেই ছবিটির কাজ প্রায় শেষ পর্যায়ে। উল্লেখ্য, শিহাব শাহীন তার প্রথম ছবির নায়িকা হিসেবে বেছে নিয়েছেন তার বর্তমান জীবনসঙ্গী দেশের গুণী অভিনেত্রী জাকিয়া বারী মমকেই। এরই মধ্যে বেশ কিছু কাজও এগিয়েছেন নির্মাতা। পাশাপাশি কর্পোরেট প্রযোজনা আমাদের চলচ্চিত্রে লগ্নির বিষয়টি সকলেই ইতিবাচক হিসেবেই দেখছেন। প্রযোজক সারা যাকের বলেন, ‘চলচ্চিত্রের দৃশ্যপট বদলেছে। এখন ভালো চলচ্চিত্রের পৃষ্ঠপোষকতায় সকলেরই কাজ করা উচিত। অধিকাংশেরই এমনটাই মত যে, এ ধরনের বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো ছবি লগ্নিতে এগিয়ে এলে আমাদের চলচ্চিত্রের বৈপ্লবিক পরিবর্তন হতে খুব বেশি সময় লাগবে না।’