নিখোঁজ বিমানটি নাকি নিরাপদে অবতরণ করেছে!

বিজ্ঞানের সব সাজ সরঞ্জাম নিয়ে ভারত মহাসাগর দাপিয়ে বেড়িয়েও মালয়েশিয়ার বহুল আলোচিত নিখোঁজ বিমানটির যখন কোনো সন্ধান মিলল না তখন নতুন থিওরি সামনে আনছে একটি পক্ষ। আর তা হলো, বিমানটি সাগরে ডুবে যায়নি। পরিবর্তে হয়তো পৃথিবীর কোনো স্থানে নিরাপদে অবতরণ করেছে! ভারত মহাসাগরে এক মাসেরও বেশি সময় ধরে অনুসন্ধানের পর একদল তদন্তকারী এখন এই সম্ভাবনা খতিয়ে দেখতে শুরু করেছেন। আন্তর্জাতিক তদন্তকারী দলের বরাত দিয়ে মালয়েশিয়ার ইংরেজি দৈনিক ‘নিউ স্ট্রেইট টাইমস’ বুধবার তার এক এক্সক্লুসিভ রিপোর্টে জানায়, কর্মকর্তারা এখন এ সম্ভাবনা নিয়ে সামনে এগুতে চান যে, বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়নি। বরং কোনো অজ্ঞাত স্থানে নিরাপদে অবতরণ করে অজানা কারণে লুকিয়ে আছে। তদন্তকারী সূত্রগুলো দৈনিকটিকে জানিয়েছে, ‘এমএইচ৩৭০ ফ্লাইটের এক টুকরা ধ্বংসাবশেষও খুঁজে না পাওয়ায় এখন এ সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না যে, কোথাও এটি অবতরণ করেছে।’ তবে যখন ২০টিরও বেশি দেশ তল্লাশি কাজে অংশ নিচ্ছে তখন বিশ্বের কোনো একটি দেশের পক্ষ থেকে বিমানটিকে লুকিয়ে রাখার সম্ভাবনাও ক্ষীণ বলে মনে করছেন অনেকে। মালয়েশিয়ার দৈনিকে এমন সময় এ খবর প্রকাশিত হলো যখন এক ডজনেরও বেশি বিমান ও জাহাজ এখনো হারিয়ে যাওয়া বিমানটির ধ্বংসাবশেষের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। এর আগে রাশিয়ার একটি দৈনিক দাবি করেছিল, মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানটি আফগানিস্তানের কান্দাহারে অবতরণ করেছে এবং এর যাত্রীরা আশপাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছেন। তবে এ খবরের সত্যতা প্রমাণিত হয়নি। গত ৮ মার্চের প্রথম প্রহরে কুয়ালালামপুর থেকে বেইজিংগামী একটি বোয়িং ৭৭৭ বিমান ২৩৯ জন আরোহীসহ নিখোঁজ হয়ে যায়।