মিরপুরে দুই হাজার কেজি আম ধ্বংস

কাঁচা আম পাকিয়ে বাজারে বিক্রি করা হচ্ছে এমন অভিযোগে গতকাল শুক্রবার রাজধানীর মিরপুরের দিয়াবাড়ির আড়তগুলোয় অভিযান চালায় র্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৮টি আড়তে থাকা ২ হাজার কেজি অপরিপক্ব আম বুলডোজার দিয়ে ধ্বংস করে দেওয়া হয়। এ সময় ৬টি আড়তকে ৬ লাখ টাকা জরিমানাও করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে জামাল এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, মিরপুর শাহ আলী ফার্মকে ৫০ হাজার টাকা, ভাই ভাই ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, দেওয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা, আকাশ বাণিজ্য ভান্ডারকে ২ লাখ টাকা এবং সরদার ট্রেডার্সকে ২ লাখ টাকাসহ ৬টি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, কৃষি অধিদপ্তর মিরপুর জোন এবং র্যাব সদস্যদের সহায়তায় দিয়াবাড়ির ফলের আড়তে অভিযান চালানো হয়। সেখানে আম কেটে দেখা যায় ভেতরে একেবারেই অপরিপক্ব। কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানোর কারণে এগুলো কেউ খেলে প্রাণহানিও ঘটতে পারে। তিনি  বলেন, ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা এখানে কাঁচা আম এনে পাকিয়েছে। ফলে এসব আম ধ্বংস এবং সেই সঙ্গে এসব অপরাধে ৬টি প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।