টাঙ্গাইলের গোপালপুরে জুয়া খেলার সময় পুলিশি অভিযানে একজন মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে। তবে এলাকাবাসীর দাবি, পুলিশি নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। এ সময় পুলিশ ওই জুয়ার আসর থেকে চারজনকে আটক করে। মৃত্যুবরণকারী ব্যক্তির নাম আব্দুল হাকিম (৫০)। তিনি উপজেলার ঝাওয়াইল গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং পেশায় মাংস ব্যবসায়ী।
এদিকে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসী রাতে গোপালপুর থানা ঘেরাও করে। এ সময় পুলিশের শাস্তি চে?য়ে তারা মধুপুর-গোপালপুর সড়ক অবরোধ এবং একপর্যায়ে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন ক?রে।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, ঝাওয়াইল টেকটিক্যাল কলেজ মাঠে কিছু লোক টাকার বিনিময়ে তাস খেলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে চারজনকে আটক করা হয়। দুজন দৌড়ে পালায়। আটককৃতদের নিয়ে পুলিশ চলে আসে। পরে খবর পাওয়া যায় যে দৌড়ে পালানো একজন মারা গেছে।
তবে এলাকাবাসীর অভিযোগ, পুলিশ একটি মাইক্রো নিয়ে সাদা পোশাকে সেখানে গিয়ে তাদের সবাইকে ধরে ফেলে। পরে প্রত্যেককে চড়-থাপ্পড় মারে। এতে আব্দুল হাকিম অসুস্থ হয়ে পড়ে। পরে পুলিশ তাকে ফেলে চারজনকে নিয়ে চলে যায়।
ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আব্দুল হাকিমকে মাঠে পড়ে থাকতে দেখেন। পরে আরো কয়েকজনের সহায়তায় তিনি হাকিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন।