মধ্যপ্রাচ্যে আরো দেড় হাজার সৈন্য পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। গতকাল তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে আমাদের নিজেদের নিরাপত্তা দিতে হবে। তিনি এই সৈন্য মোতায়েনকে সামান্য বলে উল্লেখ করেন। মার্কিন মিডিয়া জানিয়েছে, সৈন্য মোতায়েনের বিষয়ে কংগ্রেসকে অবহিত করা হয়েছে। যদিও আগের দিন বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, সেখানে সৈন্য পাঠানোর প্রয়োজন আছে বলে মনে করি না। দরকার হলে পাঠাবো। ইরানের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনায় যুক্তরাষ্ট্র উপসাগরে যুদ্ধজাহাজ এবং বোমারু বিমান মোতায়েন করেছে। ইরানকে হুমকি হিসেবে উল্লেখ করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাটর্নি জেনারেলের ক্ষমতা বাড়িয়েছেন। তিনি অ্যাটর্নি জেনারেলকে সহায়তা করতে গোয়েন্দা সংস্থাগুলোর প্রতি নির্দেশ দিয়েছেন। এর ফলে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পের ওপর গোয়েন্দাগিরির তদন্তে নিজের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। এছাড়া রুশ তদন্ত শুরুর সঙ্গে কারা জড়িত ছিলেন সেই বিষয়েও তদন্ত করছেন উইলিয়াম বার। -বিবিসি