যথাযোগ্য মর্যাদায় আব্দুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২২:৩৭
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী, স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের নবম মৃত্যুবার্ষিকী গতকাল রবিবার যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে । সকাল ৯টায় আওয়ামী লীগের নেতারা বনানী কবরস্থানে তার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন।
আওয়ামী লীগ নেতা সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন, হাবিবুর রহমান সিরাজ, ফরিদুন্নাহার লাইলী, আহমদ হোসেন, ড. আবদুস সোবহান গোলাপ, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস, এনামুল হক শামীম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে সকাল ৮টায় কলাবাগানস্থ বাসভবনে কোরানখানি ও লেকসার্কাস লেকভিউ জামে মসজিদে বাদ আছর দোয়া মাহফিল এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া আব্দুস সামাদ আজাদ পরিষদ সিলেট, সুনামগঞ্জে এবং জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ এ উপলক্ষে স্মরণসভা, দোয়া ও মিলাদের আয়োজন করে।