নারী নেতা যত বাড়বে পৃথিবী তত সুন্দর হবে :মালালা

তালেবানের হামলা থেকে বেঁচে যাওয়া পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই বলেছে, নারী নেতার সংখ্যা যত বাড়বে পৃথিবী বসবাসের জন্য তত সুন্দর হবে। এমন একটা পৃথিবী সবার বাঁচার জন্য হবে অনুকুল। সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নারী ক্ষমতায়নের সেই চেষ্টাই করে যাচ্ছেন। বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিনের সর্বশেষ সংখ্যায় হিলারি সম্পর্কে বলতে গিয়ে মালালা এসব কথা বলে। মালালা বলে, হিলারি ক্লিনটনের জীবন এবং নেতৃত্ব নারী সমাজকে এটাই দেখিয়ে দেয় যে আমরা যদি আমাদের নিজেদের ক্ষমতার উপর বিশ্বাস রাখি এবং যদি আমাদের আভ্যন্তরীন সৃষ্টিশীলতা, আবেগ এবং ইচ্ছাশক্তিকে কাজে লাগাই তবে যা চাই তা অর্জন করতে পারি। টাইমের সেরা ১০০ প্রভাবশালীর তালিকায় থাকা মালালার মতে, হিলারি ক্লিনটন বিশ্বজুড়ে নারী ক্ষমতায়নের অনন্য প্রতীক। হিলারিই একসময় বলেছিলেন, মানবাধিকার আসলে নারীর অধিকার। তিনি কেবল এই কথা বলেই ক্ষান্ত হননি। নিজেকে ক্ষমতাবান করার পাশাপাশি বিশ্বব্যাপী নারীদের নিজেদের পায়ে ভর করে দাঁড়াতে সাহস জুগিয়েছেন। মালালার নিজের শক্তির উত্সও হিলারির জীবন দর্শন বলে সে তার লেখায় উল্লেখ করে।