রাজশাহীতে ওয়ার্কার্স পার্টির ৯ম কংগ্রেস

আগামী ৫ বছরের জন্য নতুন কমিটি নির্বাচন ও আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে রাজশাহীতে আয়োজিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ৪ দিনব্যাপী ৯ম কংগ্রেস গতকাল রবিবার শেষ হয়েছে। এ সময় সাম্প্রদায়িক মৌলবাদ ও সাম্রাজ্যবাদ রুখে দেয়ার ঘোষণা করেন পার্টির নতুন কেন্দ্রীয় কমিটির পুনঃনির্বাচিত সভাপতি রাশেদ খান মেনন। নতুন কমিটির সভাপতি পুনঃনির্বাচিত হওয়ার পর তাত্ক্ষণিক এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলের নতুন কমিটি স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করতে অগ্রণী ভূমিকা পালন করবে। একই সঙ্গে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। একই সময় পার্টির নতুন সাধারণ সম্পাদক ফজলে হাসান বাদশা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনিও বাংলাদেশকে উগ্র সামপ্রদায়িকতা ও জঙ্গিবাদ মুক্ত করতে সামনে থেকে নেতৃত্ব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এর আগে গতকাল দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে ওয়ার্কার্স পার্টির সদস্যরা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ৭৫ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি নির্বাচন করেন। বিকালে আয়োজিত সংবাদ সম্মেলনে পুনঃনির্বাচিত সভাপতি রাশেদ খান মেনন আনুষ্ঠাকিভাবে নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল চারদিনব্যাপী এই কংগ্রেস রাজশাহীতে শুরু হয়। এর আগে ২০০০ সালে রাজশাহীতে পার্টির ৫ম কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল।