সাবেক এমপিসহ কুমিল্লার ৩ নেতা উদ্ধার হয়নি আজও
মো. লুত্ফুর রহমান, কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৭ এপ্রিল ২০১৪, ২৩:১৬
একদিন, দুইদিন করে অনেক দিনই চলে গেল। আর কত অপেক্ষা করতে হবে আমাদের। যদি কোন কঠিন সত্য শুনতে হয়, আমরা তাও শুনতে রাজি আছি। স্বজনকে হারানোর শোক আর আমরা সইতে পারছি না। এ অভিব্যক্তি কুমিল্লায় নিখোঁজ সাবেক এমপিসহ তিন নেতার স্বজনদের। এই তিনজন হচ্ছেন কুমিল্লার লাকসাম উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি শিল্পপতি মো. সাইফুল ইসলাম হিরু, লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ব্যবসায়ী হুমায়ুন কবির পারভেজ ও কুমিল্লা মহানগর যুবলীগ নেতা রকিবুল হাসান শাওন। প্রথমোক্ত দুইজন ১৫২ দিন ও শাওন ৩০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। স্বজনদের অভিযোগ আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয় তাদেরকে অপহরণ করা হয়। তবে র্যাব ও পুলিশের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সাইফুল ইসলাম হিরুর একমাত্র ছেলে রাফসান বলেন, গত বছরের ২৭ নভেম্বর রাত প্রায় সাড়ে ১০টায় তার বাবা লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজকে নিয়ে লাকসাম ফেয়ার হেলথ হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাচ্ছিলেন। ঐ সময় লাকসাম-লালমাই সড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আলিশ্বর এলাকায় অ্যাম্বুলেন্সটি থামিয়ে সাদা পোশাকে র্যাব পরিচয়ে একদল লোক তাদের অন্য একটি গাড়িতে তুলে নিয়ে যায়।
হুমায়ুন কবির পারভেজের স্ত্রী শাহনাজ আক্তার বলেন, আর কত অপেক্ষা করবো? একটা মানুষ হাওয়া হয়ে গেল, কেউ কিছু বলতে পারছে না?
হুমায়ুন কবির পারভেজের বৃদ্ধ পিতা আলহাজ্ব রঙ্গু মিয়া (৭৫), মা রাজিয়া খাতুন (৬২) তাদের বড় ছেলের কোনো খোঁজ না পেয়ে এখন অনেকটা বাকরুদ্ধ।
লাকসাম থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজের নিখোঁজ হবার ঘটনার তদন্ত চলছে।
অপরদিকে মহানগর যুবলীগ নেতা শাওনের স্ত্রী ফারজানার অভিযোগ, গত ২৯ মার্চ ভোরে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তার স্বামীকে অপহরণ করা হয়। এ ঘটনায় গত ৩১ মার্চ কোতয়ালী মডেল থানায় একটি সাধারণ ডাইরী করেছেন। দীর্ঘ এক মাসেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। তারও জিজ্ঞাসা আর কত দিন অপেক্ষা করতে হবে।