আগারগাঁওয়ে টেলিভিশন বিস্ফোরণ

স্বামীর পরে মারা গেলেন স্ত্রীও

রাজধানীর শেরেবাংলা নগর (পশ্চিম) থানা এলাকার আগারগাঁওয়ের একটি বাসায় টেলিভিশন  বিস্ফোরণের ঘটনায় স্বামীর মৃত্যুর পর এবার তার দগ্ধ স্ত্রীও মারা গেলেন। স্ত্রী সালমা বেগম ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মারা যান। তার লাশ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে। উল্লেখ্য, গত ১৬ মে বিকাল সাড়ে তিনটার দিকে আগারগাঁওয়ের ১৪৭/১ নম্বর বাড়ির নিচতলার  ভাড়া বাসায়  এই দুর্ঘটনা ঘটে। পরে গত রবিবার রাতে স্বামী মুক্তার হোসেন মারা যান।

হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সালমা বেগম জানান, তার স্বামী বাসায় টেলিভিশন দেখতে দেখতে বিছানায় ঘুমিয়ে পড়েন। সেসময় তিনি রান্না ঘরে গিয়ে ম্যাচ ধরাতেই সারা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। পরে টেলিভিশন বিস্ফোরণে তিনি ও তার স্বামী মুক্তার হোসেন দগ্ধ হন। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল জানান, এতে মুক্তার হোসেনের ৯৭ শতাংশ ও স্ত্রী সালমা বেগমের ৯৫ শতাংশ দগ্ধ হয়। মৃত সালমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চর শশোমপুর গ্রামে।