টাঙ্গাইলে নারী কর্মসংস্থানে ব্যতিক্রমী উদ্যোগ
মীর আনোয়ার হোসেন টুটুল, মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২১:১২
রাসেদা (২৫), শাহিনুর (২৭), নাসরিন (২৫) ও সুমী আক্তার (২৬) কয়েক দিন আগেও ছিলেন সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারী। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চলের একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিনা পয়সায় শিল্প-কারখানার উপযোগী বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিয়ে তারা এখন ওই প্রতিষ্ঠানেই চাকরি করছেন। অবহেলিত এই নারীরা এখন স্বাবলম্বী। তাদের আর অন্যের নিকট হাত পাততে হচ্ছে না। ভাল বেতন-ভাতা পেয়ে নিজেরাই পরিবারের দেখাশোনা করতে পারছেন।
নারী কর্মসংস্থানের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সাউথ ইস্ট টেক্সটাইলস মিলস লিমিটেড নামের ওই প্রতিষ্ঠান। তারা সম্পূর্ণ বিনা খরচে প্রশিক্ষণ এবং চাকরির সুযোগ সৃষ্টি করে দিচ্ছে নারীদের। প্রতিষ্ঠানটির সহায়তায় ওই চার নারীর মতো আরো শত শত নারী এভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। উপজেলার গোড়াই শিল্পাঞ্চলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন এলাকায় প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে। এর কর্ণধার বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। এ পর্যন্ত এখানে প্রায় তিন হাজার নারী প্রশিক্ষণ ও চাকরি পেয়েছেন বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ কেন্দ্র সরেজমিন ঘুরে দেখা গেছে, বিভিন্ন বয়সী নারী সেখানে প্রশিক্ষণ নিচ্ছেন। জানা গেছে, যাদের প্রশিক্ষণ শেষ হয়েছে তারা একই মিলে চাকরি নিয়ে কাজ করছেন। আবার কেউ কেউ ভালো বেতনের সুযোগ পেয়ে অন্য মিলে চলে গেছেন। এই কারখানায় যারা প্রশিক্ষণ ও চাকরির সুযোগ পেয়ে থাকেন তাদের অধিকাংশই প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত নারী। যাদের অনেকেই বিধবা বা স্বামী পরিত্যক্তা। কেউ কেউ হয়েছেন মানুষরূপী দানবের নির্যাতন আর অবহেলার শিকার; কিন্তু এই প্রতিষ্ঠানে কাজ করতে পেরে তারা ভুলে গেছেন অতিতের সব ঘটনা। এখন তাদের ভবিষত্ গড়ার সময়।
সংশ্লিষ্টরা জানান, সাউথ ইস্ট টেক্সটাইল মিলের এই প্রশিক্ষণ কেন্দ্রে অপারেটর, মেশিনম্যান, প্রিন্টিং, ডাইয়িং, এমব্রয়ডারি, প্লাক লগ, অভার লগ, মার্ক, নিডল ও প্রসেসিংসহ শিল্প-কারখানার উপযোগী অন্যান্য কাজের প্রশিক্ষণ দেয়া হয়। এখানে নারীদের শ্রম আইন, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়েও প্রশিক্ষণ দেয়া হয়। এই মিলের পরিবেশ সম্পূর্ণ আলাদা। নারী শ্রমিকদের জন্য রয়েছে আলাদা ডাইনিং ও চিকিত্সার ব্যবস্থা। কোন শ্রমিক অসুস্থ হলে তাকে সার্বক্ষণিক চিকিত্সার ব্যবস্থা করা হয়।
সূত্র জানায়, ২০১০ সালে টেক্সটাইল মিলটি চালু হয়। ২০১২ সালে এখানে নারীদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু হয়। এই প্রশিক্ষণ কেন্দ্রে অসহায় নারী ও পুরুষরা ছয় মাস থেকে এক বছর বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ পেয়ে থাকেন। প্রশিক্ষণের সময় তাদের ৫ হাজার ৩০০ টাকা ভাতা দেয়া হয়। তাদের দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার জন্য রয়েছে দক্ষ প্রশিক্ষক। প্রশিক্ষণ শেষ হতে না হতেই তাদের চাকরির সুযোগ করে দেয়া হয় একই প্রতিষ্ঠানে। তখন তারা বেতন-ভাতা পান ৮ হাজার থেকে ১৫ হাজার টাকা। এখানে যারা প্রশিক্ষণ নিয়ে চাকরি করছেন তাদের অধিকাংশের বাড়ি উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায়। তবে গোড়াই শিল্পাঞ্চলের আশপাশ গ্রামের বেকার নারী-পুরুষকে অগ্রাধিকার ভিত্তিতে এখানে সুযোগ দেয়া হয়। মিলটির সিবিএ সভাপতি মো. আশরাফুল আলম খান বলেন, সাউথ ইস্ট টেক্সটাইলস মিলস লিমিটেড শ্রমিকবান্ধব একটি প্রতিষ্ঠান। এখানে শ্রমিকদের সকল ধরনের সুযোগ-সুবিধা দেয়া হয় এবং শ্রম আইন পুরোপুরি বাস্তবায়ন করা হয়।
এই উদ্যোগ প্রসঙ্গে সাউথ ইস্ট টেক্সটাইলের চিফ অপারেটিং অফিসার গোলাম রসুল ও এজিএম মো. জামাল উদ্দিন বলেন, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। তাই এখানকার শ্রমিকদের হাতে-কলমে শিক্ষা দিয়ে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হয়। বিশেষ করে সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত নারীকে স্বাবলম্বী হিসেবে গড়ে তোলাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে তারা জানান।