চট্টগ্রাম নগরীর অবৈধ দোকানপাট বুধবারের মধ্যে সরানোর নির্দেশ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২১:১৩
আগামীকাল বুধবারের মধ্যে চট্টগ্রাম মহানগরীর নালা-নর্দমার উপর নির্মিত দোকানপাট ও অবৈধ স্থাপনা অপসারণ করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অন্যথায় ১ মে থেকে সিটি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনার মাধ্যমে এসকল দোকানপাট উচ্ছেদ করা হবে। গত রবিবার কর্পোরেশনের ৪৬তম সাধারণ সভায় এ সিদ্ধান্তের কথা জানান মেয়র এম মঞ্জুর আলম।
সভায় মেয়র আরো জানান, আসন্ন বর্ষা মৌসুমে নগরীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করার লক্ষ্যে নালা-নর্দমা, খাল-বিল থেকে মাটি ও আবর্জনা অপসারণ কার্যক্রম তত্ত্বাবধানের জন্য জলাবদ্ধতা নিরসন ও যান্ত্রিক স্ট্যান্ডিং কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি নিয়মিত হোল্ডিং ট্যাক্স পরিশোধের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।