রংপুরে ‘ভণ্ডবাবা’র বিরুদ্ধে ফুঁসে উঠেছে মানুষ
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২২:৫৫
কোরআন হাদিসের বিকৃত অর্থ উপস্থাপনাকারী, তিন ওয়াক্ত নামাজ দাবিদার, ‘ভণ্ড দয়ালবাবা’ ফিরোজ কবীরকে গ্রেপ্তার এবং দরবার সিলগালা করে সরকারি নিয়ন্ত্রণে নেয়ার দাবিতে গতকাল সোমবার দুপুরে রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছেন মুসল্লিরা। দাবি আদায়ে তারা প্রতিবাদ সমাবেশ, ডিসি, এসপি’র কাছে স্মারকলিপি দিয়েছেন।
হাজার হাজার মুসল্লি রংপুর সিটি বাজারের সামনে জমায়েত হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা ইউনুস আলী, মাওলানা মোহাম্মদ আলী, এটিএম গোলাম মোস্তফা, মাওলানা মাহমুদুর রহমান রিপন, মাওলানা খায়রুল ইসলাম, মুফতি নাজমুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, ক্বারী আতাউল হক আল হক্কানী, হাফেজ ইদ্রিস আলী প্রমুখ।
ঈমান আকিদা সংরক্ষণ কমিটির নেতৃত্বে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রথমে ডিসি অফিস ও পরে এসপি অফিস ঘেরাও করে। প্রতিনিধিদল জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ ও এসপি আব্দুর রাজ্জাকের কাছে ৩ দফা দাবিতে স্মারকলিপি দেয়।