নোয়াখালীতে কমিউনিস্ট পার্টির নেতাকে গলা কেটে হত্যা

কমিউনিস্ট পার্টির নোয়াখালীর সদর উপজেলার সভাপতি ও জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোঃ মফিজুর রহমানকে (৬০) গলা কেটে হত্যা করা হয়েছে। গত রবিবার রাতে সূবর্ণ চর উপজেলার পশ্চিম চর জব্বারের আল-আমিন সড়কে এ ঘটনা ঘটে। চর জব্বর থানার পুলিশ স্থানীয় ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। নিহত মফিজুর রহমানের বাড়ি হাতিয়া উপজেলার চর কিং এর ফরাজি গ্রামে। তিনি প্রগতি লাইফ ইনসুরেন্স কোম্পানির জেলা কর্মকর্তা ছিলেন। জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক জাফর উল্লাহ বাহার এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে খুনিকে গ্রেফতার ও আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার দাবি জানান।