তিতাসের ‘দুর্নীতিবাজ’ চক্র অবৈধ গ্যাস সংযোগ দেয়ায় সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৩
তিতাসের ‘দুর্নীতিবাজ’ কর্মকর্তা-কর্মচারী চক্র দেশের বিভিন্ন স্থানে গ্যাসের অবৈধ সংযোগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির প্রথম বৈঠকে কয়েকজন সংসদ সদস্য এই অভিযোগ এনে ওই চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি অবৈধ সংযোগকে বৈধ করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পরামর্শ দিয়েছেন।
এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সীমিত গ্যাসের মজুদ, চাহিদার দ্রুত বৃদ্ধি এবং বিগত সরকারের সময় গ্যাস উত্পাদন বৃদ্ধির জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণের অভাবকে গ্যাস সংকটের কারণ হিসেবে চিহ্নিত করা হয়। এ সমস্যা সমাধানে বিদ্যমান ফিল্ডসমূহ থেকে উত্পাদন বৃদ্ধি, ব্যাপক অনুসন্ধানের মাধ্যমে অফশোর এবং অনশোর নতুন গ্যাস ফিল্ড আবিষ্কার, বিকল্প জ্বালানি ব্যবহার এবং সর্বক্ষেত্রে জ্বালানির সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। অধিক পরিমাণ সৌর বিদ্যুত্ উত্পাদনের ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অবৈধ বিদ্যুত্ সংযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও সুপারিশ করেছে কমিটি।
কমিটির সদস্য বিদ্যুত্ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, আতিউর রহমান আতিক, আবু জাহির, এম আব্দুল লতিফ, শিবলী সাদিক, লিয়াকত হোসেন খোকা ও বেগম নাসিমা ফেরদৌসী বৈঠকে অংশ নেন। বিদ্যুত্ বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা, বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এর কার্যক্রম নিয়ে প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয় এবং এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।