বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার রেল যোগাযোগ শুরু
ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৪, ২৩:০৫
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা কবলিত দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের লাইনচ্যুত সাতটি বগি গতকাল সোমবার বিকাল ৪টার দিকে উদ্ধার করা হয়েছে। পরে টাঙ্গাইলে আটকেপড়া ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ৬টার দিকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। বঙ্গবন্ধু সেতু পূর্বদিকের রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, সোমবার রাত ১২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা।
বঙ্গবন্ধু সেতুর ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রধান প্রকৌশলী মোজাম্মেল হক জানান, রবিবার রাত সোয়া ১০টার দিকে দ্রুতযান এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতুর ৮ নম্বর পিলারের কাছাকাছি আসতেই আকস্মিক ঝড়ের কবলে পড়ে ও ৭টি বগি লাইনচ্যুত হয়। ট্রেনে প্রায় ছয় শতাধিক যাত্রী থাকলেও কেউ হতাহত হয়নি। রেলমন্ত্রী মুজিবুল হক রাত ৩টার দিকে ঘটনাস্থলে যান। এ ঘটনায় চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।