মা এবং মায়ের কত নাম
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৩১
‘মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভুবনে নাই’।
সত্যি পৃথিবীর সর্ববহুল উচ্চারিত, সর্বোত্তম শ্রুতিমধুর একটি অক্ষরের একটি শব্দ, যে শব্দের সাথে অন্য কোনো শব্দের তুলনা হয় না। সে শব্দটি হচ্ছে ‘মা’। এই শব্দটি এত শান্তির যে নিজের মনের অজান্তেই উচ্চারিত হয় ‘মা’। সকল দুঃখ-কষ্ট লাঘব করে দেয় এ শব্দটি। পৃথিবীর বুকে পদার্পণের পরেই মায়ের মমত্বের পরশ বা মাতৃস্নেহ পৃথিবীর সবকিছুর ঊর্ধ্বে। নিজের সুখ হারাম করে সন্তানকে মানুষ করার, প্রতিষ্ঠিত করার সার্বক্ষণিক চেষ্টা থাকে মায়ের। মা-ই নিজের অস্তিত্বকে বিলীন করে দিতে কুণ্ঠাবোধ করে না সন্তানের মঙ্গল কামনায়। এতে বুঝা যায়, মা কত বড়ো মাপের শব্দ। পৃথিবীর সব দেশের শিশুর প্রথম ভাষা ‘মা’। তাই এক কথায় ‘মা’ শব্দটি আসলে কোনো ভাষার নিজস্ব সম্পত্তি নয়। এই শব্দটি সর্বাঙ্গীণ। মা শব্দের কোনো বিকল্প নেই। মায়ের ত্যাগের কারণে মা পৃথিবীর সব মাখলুকের কাছেই সমাদৃত। মায়ের সন্তানের জন্য যে ত্যাগ তা শুধু মানুষের ক্ষেত্রেই নয়, প্রাণীরাও তার সন্তান বা বাচ্চার জন্য অবর্ণনীয় কষ্ট করে নিজে অভুক্ত থেকে সন্তানের খাদ্য চাহিদা পূরণ করে থাকে। এজন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত’ — রাসুলুল্লাহ (সা.)-এর এই বাণীর মাধ্যমে মায়ের মর্যাদা প্রতিষ্ঠা লাভ করেছে।
পৃথিবীর শ্রেষ্ঠ মা মাকড়সা
মা সন্তানের জন্য নিজেকে সম্পূর্ণ বিলিয়ে দেয় সন্তানের বেঁচে থাকার এবং মঙ্গল কামনার জন্য— এ চিরন্তন সত্যটি শুধু মানুষের মাঝেই নয়, প্রকৃতির অন্য প্রাণিদের ক্ষেত্রেও এটি সত্যি। তেমন এক প্রাণির নাম মাকড়সা। মাকড়সার ডিম ফুটে বাচ্চা বের হয়। মা মাকড়সা সেই ডিম নিজের দেহে বহন করে বাচ্চা না হওয়া পর্যন্ত। যখন বাচ্চা হয় তখন মা মাকড়সা বাচ্চাদের বাঁচিয়ে রাখার জন্য নিজের শরীর বিলিয়ে দেয় খাবারের জন্য। বাচ্চা মাকড়সারা মা মাকড়সার দেহই খেতে শুরু করে ঠুকরে ঠুকরে। সন্তানের জন্য মা নীরবে হজম করে সব কষ্ট-যন্ত্রণা। এমনি করে এক সময় মায়ের পুরো দেহই চলে যায় সন্তানদের পেটে। মাকড়সা মায়ের সন্তানের জন্য এ আত্মত্যাগের কারণেই পৃথিবীর শ্রেষ্ঠ মা হিসেবে মাকড়সার স্থান।
নানা ভাষায় মা
মা সর্বোত্তম শ্রুতিমধুর একটি শব্দ। কিন্তু মা ডাকটি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এবং বিভিন্ন নামে ডাকা হয়। সে রকম কতগুলো উদ্ধৃত করা হলো:
বাংলা - মা
উর্দু - আম্মি
হিন্দি - মা
ফ্রান্স - মেরে
জার্মান - মুট্টার
ইংরেজি -মম, মাম্মি, মাদার
ইতালিয়ান - মাদ্রে
পর্তুগিজ -মায়ে
আরবেনিয়ান -মেমে
বেলরুশান -মাটকা
সার্বিয়ান -মাজকা
ডাস মোয়েন্ডেরে - মোয়ের
ক্রিশ্চিয়ান -এমো
গ্রিক - মানা
হাওয়াইয়ান - মাকুয়াহাইন
ক্রোয়েশিয়া -মাতি কিংবা মাজকা
ড্যানিশ - মোর
আইসল্যান্ড - মোয়ির
আইরিশ - মাতাইর
নরওয়েজিয়ান - মাদার
পোলিশ - মামা বা মাটকা
পাঞ্জাবি -মাই বা মাতাজি
রোমানিয়ান -মামা/ মাইকা
রাশিয়ান -মাত
তেলেগু -আম্মা
সিন্ধি -উম্মি
আক্কাদিয়ান -উম্মা
বসনিয়ান -মাজকা
ফরাসি - মেরি/মামা
পারসিয়ান - মাদার/ মামা
ব্যাবিলন -উম্ম
ইউক্রেনিয়ান -মাতি
বুলগেরিয়ান -মাজকা
প্রাচীন গ্রিক -মাতির
মায়ের সমার্থক শব্দ
মা নামের শব্দের অনেক সমার্থক শব্দও রয়েছে। যেমন:
জননী -জনী
প্রজানিকা -প্রজায়িনী
মা -মাতা
অম্বা -অম্বালা
আই -আক্কা
মামনি -মাম্মি
স্বর্ণপ্রসূ -বীরা
জনয়িত্রী - জনিকা
প্রসূতি -জন্মধাত্রী
মাতৃ -মাতৃকা
অম্বালিকা -অম্বিকা
আম্মা -আম্মি
রত্নগর্ভা -স্বর্ণপ্রসবা
কবি ঠিকই বলেছেন— মা একটি ছোট্ট শব্দ। কিন্তু ত্রিভূবনে এই শব্দটির চেয়ে মিষ্টি শব্দ আর নেই। লক্ষনীয় পৃথিবীর সকল ভাষার মা শব্দটির প্রথম বর্ণ ম ধ্বনি, এবং শব্দের উচ্চারণ ও অর্থ প্রায় একই রকম। মায়ের জন্য আমাদের পৃথিবীর মুখ দেখা। মায়ের ঋণ অপরিশোধ্য। সন্তানের প্রতি মায়ের মায়ের ভালোবাসার পরিসীমা নেই।