সৌরচালিত উড়োজাহাজ!
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ১৯:৩৮
বাংলাদেশি বিজ্ঞানী ড. হাসান শহীদের তত্ত্বাবধানে কুইনমেরি ইউনিভার্সিটি অব লন্ডনের মাস্টার্সের ছাত্ররা শুধু সূর্যের আলো থেকে প্রাপ্ত শক্তি দিয়ে চলতে পারবে এমন উড়োজাহাজ উদ্ভাবন করেছে। বিশ্বে এটাই প্রথম সৌরচালিত উড়োজাহাজ। এই উড়োজাহাজ মূলত চারটি প্রপেলারযুক্ত একটি কোয়াডরোটর। এর আকাশে উড়তে ব্যাটারি বা অন্য কোনো রকম জ্বালানির প্রয়োজন হয় না। মুহূর্তে টেইক অফ করে কিছু সময় উড়তে পারে। উদ্ভাবক দলের তত্ত্বাবধায়ক ড. হাসান শহীদ। উদ্ভাবনী দলে একজন বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র রয়েছেন, যার নাম শাকির আহমেদ। ড. হাসান বলেন, বর্তমান বিশ্বে শক্তি বা এনার্জির সংকট চলছে। এ কারণে সোলার এনার্জির ওপর গবেষণা সর্বত্র গুরুত্ব পাচ্ছে। বিজ্ঞানীরা এটাকে শক্তি সংকট মোকাবেলার উপযুক্ত সমাধান হিসেবে দেখছেন।
গবেষণাটি তিনি শুরু করেন ইরাকি ছাত্র আলি অবিদ আলির মাধ্যমে। এ প্রজেক্টের মাধ্যমে তৈরি মডেল সৌরচালিত উড়োজাহাজটি কোনো সমস্যা ছাড়া আকাশে উড়তে সক্ষম হয়। সহজে এর গতি নিয়ন্ত্রণও সম্ভব হয়। সোলার প্যানেলের মাধ্যমে চার্জ করা হতো ব্যাটারি। ড. হাসান বলেন, কনসেপ্ট সফল হয়েছে। এখন বাস্তবে এ উড়োজাহাজ তৈরিতে প্রয়োজন আরও গবেষণা। এ বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। সঙ্গে সঙ্গে নিশ্চয়ই বিশ্বের আরও অনেক গবেষণা দল কাজ করবে। বাস্তব সৌরচালিত উড়োজাহাজ এখন সময়ের ব্যাপার।
ড. হাসান শহীদ ১৯৬৯ সালে বরিশালে জন্মগ্রহণ করেছেন। বরিশাল ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় যশোর বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেন এবং ঢাকা বিশ্ববিদ্যাবিদ্যালয়ের ‘অ্যাপ্লাইড ফিজিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং’ বিভাগ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে বিএসসি (অনার্স) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। রোবটের হাত নিয়ন্ত্রণের ওপর গবেষণা করে তিনি শেফিল্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি সম্পন্ন করেন। বিজ্ঞান ও সমসাময়িক বিষয়ে তিনি লেখালেখি করে থাকেন।