এশিয়া সফর শেষ করলেন ওবামা

ফিলিপাইনে দুইদিনের রাষ্ট্রীয় সফর শেষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এশিয়ার চার দেশ সফরের অংশ হিসাবে রবিবার তিনি ফিলিপাইনে যান। এর আগে তিনি জাপান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া সফরে যান। মঙ্গলবার সকালে তিনি ম্যানিলা ত্যাগ করেন। —খবর সিনহুয়ার। ম্যানিলা ত্যাগের আগে ওবামা ফিলিপাইনের ফোর্ট বোনিফাসিওতে মার্কিন এবং ফিলিপিনো সৈন্যদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন সৈন্যদের পাশাপাশি ফিলিপিনো সাহসী সৈন্যদের আত্মত্যাগে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবসময় ফিলিপাইনের পাশে থাকবে এবং তাদের প্রতিরক্ষায় তারা কাজ করে যাবেন। উল্লেখ্য, ফিলিপাইন হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘমেয়াদি বড় মিত্র। সফরকালে দুইদেশ উভয়ের মাঝে ঐক্য বজায় রাখার অঙ্গীকার করেন। তাদের মধ্যে সোমবার ১০ বছর মেয়াদি নতুন একটি প্রতিরক্ষা চুক্তিও স্বাক্ষরিত হয়।