মার্কিন মধ্যস্থতা সত্ত্বেও ভেস্তে গেল শান্তি আলোচনা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২১:৪৩
মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা সত্ত্বেও শেষ পর্যন্ত অতিক্রান্ত হয়ে গেল ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তি আলোচনার সময়সীমা। আলোচনার ব্যাপারে কোন পক্ষই সমঝোতায় আসতে না পারায় যুক্তরাষ্ট্রের বেঁধে দেয়া সময়সীমা গতকাল অতিক্রান্ত হয়ে যায়। সম্প্রতি হামাস ও ফাতাহ’র মধ্যে সম্প্রীতি চুক্তি হলে এরই প্রতিক্রিয়ায় ইসরাইল এ শান্তি আলোচনায় বসতে অস্বীকৃতি জানায়।
তিন বছর পর গত জুলাই মাসে ফিলিস্তিন-ইসরাইল সরাসরি শান্তি আলোচনা পুনরায় শুরু হয়। এর মধ্য দিয়ে আশা করা হয়েছিল দীর্ঘদিনের পুঞ্জিভূত এ সমস্যা অনেকটা আলোর মুখ দেখবে। জুলাইয়ের আলোচনা তেমনভাবেই এগুচ্ছিল। তারই ধারাবাহিকতায় এ মাসের শেষের দিকে আবার উভয়ের মাঝে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখনই নতুন একটি বিষয় এ আলোচনার পথে বাধ সাধে। প্রতিদ্বন্দ্বী হামাস ও ফাতাহ’র মধ্যে এক সম্প্রীতি চুক্তি হলে এতে বিরাগভাজন হয় ইসরাইল। তারা এ আলোচনা স্থগিত করে দেয়ার ঘোষণা দেন। তারা আরো জানান যে, আলোচনা তখনই হবে, যখন ফিলিস্তিন হামাস-ফাতাহ চুক্তি থেকে সরে আসবে। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির বিরুদ্ধে ইসরাইলকে ‘বর্ণবাদ রাষ্ট্র’ হিসাবে বলার যে অভিযোগ উঠেছে তা তিনি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি কখনোই বিশ্বাস করি না ইসরাইল একটি বর্ণবাদ রাষ্ট্র।