উল্লাপাড়ায় অপহরণের ৪০ ঘণ্টা পর অচেতন এক ব্যক্তিকে উদ্ধার

অপহরণের ৪০ ঘন্টা পর অচেতন অবস্থায় উদ্ধার হলেন উল্লাপাড়ার নূর ইসলাম (২৬)। তিনি বর্তমানে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। নূর ইসলাম উল্লাপাড়া পৌরসভার পশ্চিমপাড়া মহল্লার ইয়াকুব আলীর ছেলে। ইয়াকুব আলী জানান, রবিবার সকাল ১০টার দিকে তার ছেলেকে এক ব্যক্তি মোবাইল ফোনে উল্লাপাড়া শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে আসতে বলেন। তার ছেলে বাসস্ট্যান্ডে যাবার পর থেকে তার আর কোন খবর ছিল না। তার মোবাইল ফোনটিও বন্ধ ছিল। সোমবার রাত ২টার দিকে অপহরণকারীরা একটি নছিমনে করে অচেতন অবস্থায় নূর ইসলামকে বনপাড়ার দিকে নিয়ে যাবার পর উল্লাপাড়া বড়গোজা ব্রিজের পাশে নছিমনটি দাঁড় করায়। এ সময় স্থানীয় চায়ের দোকানের কিছু লোক অচেতন অবস্থায় নূর ইসলামকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসা করলে নছিমনটি দ্রুত ছেড়ে পালিয়ে যায়। মঙ্গলবার ভোরে নূর ইসলামকে বড়গোজা ব্রিজের কিছু দূরে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সকাল বেলা ইয়াকুব আলী উক্ত স্থান থেকে তার ছেলেকে নিয়ে এসে উল্লাপাড়া ২০ শয্যা হাসপাতালে ভর্তি করান। ইয়াকুব আলী জানান, তাদের ধারণা অপহরণকারীরা তার ছেলেকে দূরে কোথাও নিয়ে যাবার পর মুক্তিপণের টাকা দাবি করত।