আজ নয় রাজ্যে ৮৯ আসনে নির্বাচন

ভারতের লোকসভা নির্বাচনের অষ্টম পর্ব অনুষ্ঠিত হবে আজ বুধবার। আজ সাত রাজ্য ও ২টি কেন্দ্র শাসিত অঞ্চলের মোট ৮৯টি আসনে ভোটগ্রহণ করা হবে। এদের মধ্যে রাজনৈতিক মহলের নজর থাকবে অন্ধ্র প্রদেশের ওপর। আজকের ভোটগ্রহণ উপলক্ষ্যে প্রচারণা শেষ হয় সোমবার। তেলেঙ্গানায় আজ ভাগ্য পরীক্ষা হবে তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি (টিআরএস) প্রধান কে চন্দ্রশেখর রাও, তেলেঙ্গানা অঞ্চলের কংগ্রেস প্রধান পোনাল্লা লক্ষ্নাইয়া, লোকসত্তা পার্টি প্রধান জয়প্রকাশ নারায়ণ, এমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিসহ একাধিক নেতার। নির্বাচনের আগে রাজ্যজুড়ে অভিযান চালিয়ে ১২৫ কোটির মতো কালো টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ, যা দেশের মধ্যে সর্বাধিক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রে নতুন সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অন্ধ্রপ্রদেশ। তাই নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ দৃষ্টি রেখেছে। যে সাত রাজ্যে আজ ভোটগ্রহণ হবে সেগুলি হল গুজরাট (২৬), অন্ধ্রপ্রদেশ (১৭), বিহার (৭), পঞ্জাব (১৩), উত্তরপ্রদেশ (১৪), পশ্চিমবঙ্গ (৯), জম্মু ও কাশ্মীর (১), দাদরা ও নগর হাভেলি (১) এবং দামান ও দিউ (১)। পাশাপাশি অন্ধ্রপ্রদেশের ১১৯টি বিধানসভা আসনেও নির্বাচন হবে। এছাড়া, গুজরাটের ৭টি বিধানসভা আসন, উত্তরপ্রদেশের ২টি বিধানসভা আসন এবং বিহার ও পশ্চিমবঙ্গের একটি করে বিধানসভা আসনে উপনির্বাচন হবে। ভারতের লোকসভায় আসন সংখ্যা ৫৪৩। এর মধ্যে নিবন্ধিত দলের সংখ্যা ১ হাজার ৭২০টি। আগামী ১২ মে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হবে। এরপর ১৬ মে নির্বাচন কমিশন ভোট গণনা করে ফলাফল ঘোষণা করবে।