জাহাঙ্গীরনগর ভার্সিটিতে আবারো শিক্ষকদের আন্দোলন!
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২৩:১৫
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের প্রবেশিকা অনুষ্ঠানে পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবিরকে প্রধান অতিথি করার প্রতিবাদে আজ বুধবার কালো পতাকা উত্তোলন করবে আওয়ামী লীগ ও বামপন্থী শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক সমাজ’। গতকাল মঙ্গলবার বিকালে কলা ও মানবিক অনুষদের শিক্ষক লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির অন্যতম নেতা অধ্যাপক নাসিম আখতার হোসাইন।
বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আন্দোলনশেষে বর্তমানে শিক্ষাকার্যক্রমে স্থিতাবস্থা বিরাজ করলেও শিক্ষকদের এ ধরনের আন্দোলন কর্মসূচি শিক্ষার্থীদের ভাবিয়ে তুলেছে। অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ ইস্যুতে দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার কারণে সেশনজটে পড়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী। নতুন শিক্ষাবর্ষের তেতাল্লিশতম আবর্তনের শিক্ষার্থীরা ক্লাস শুরুর আগেই চার মাসের সেশনজটে পড়েছে। শিক্ষকদের এ ধরনের আন্দোলনকে উদ্দেশ্যপ্রেণোদিত হিসেবে অভিহিত করেছেন বিশ্ববিদ্যালয়েরই অনেক শিক্ষক। ‘শিক্ষক সমাজের’ কর্মসূচির মধ্যে রয়েছে গণসংযোগসহ নবাগত শিক্ষার্থীদের মাঝে সাবেক ভিসির বিভিন্ন অনিয়ম, দুর্নীতির তথ্য তুলে ধরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক নইম সুলতান,অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক আমিনুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহযোগী অধ্যাপক এএসএম আনোয়ারুল্লাহ ভুঁইয়া প্রমুখ।