সিলেটে পুলিশকে পেটালেন ছাত্রলীগ নেতা
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৪, ২৩:১৬
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্য সুমিত কুমার পালকে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগ নেতা রেজা। গত মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট মদন মোহন কলেজ ছাত্রলীগ নেতা রেজা কয়েকজন সঙ্গীসহ গতকাল হাসপাতালে যান তার এক আত্মীয়কে দেখতে। সেখানে ওয়ার্ডের ভেতরে প্রবেশ করা নিয়ে পুলিশ সদস্য সুমিতের সাথে রেজার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রেজা ও তার সঙ্গীরা সুমিতকে বেদম মারপিট করেন। তার হাত ও মাথা রক্তাক্ত হয়েছে। এ ঘটনায় পুলিশ রেজাকে আটক করলেও পরে ছাত্রলীগের নেতারা গিয়ে তাকে ছাড়িয়ে আনেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিলেট কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ভুল বুঝাবুঝিতে ঘটনাটি ঘটেছে। পরে তা নিষ্পত্তি করে দেয়া হয়েছে।