এমার এগিয়ে চলা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৪৭
জনপ্রিয় সিরিজ হ্যারি পটারের সম্পর্কে সবারই কমবেশি জানা আছে। সেই সাথে হ্যারি পটারের সঙ্গী এমা ওয়াটসনেরও ভক্ত রয়েছে প্রচুর। পটার সিরিজ শেষ হওয়ার পর প্রতি বছরই নানা ধরনের ছবি নিয়ে ভক্তদের চমক দিয়ে আসছেন এমা। গত বছরও ‘দ্য বিং লিং’ সিনেমা নিয়ে হাজির হলেন পর্দায়। সম্প্রতি আবারও তিনি সামনে এসেছেন ‘নোয়াহ’ সিনেমাটি নিয়ে। তার কথা জানাচ্ছেন প্রাঞ্জল সেলিম
সম্প্রতি
একটি তারকা জরিপে দেখা গেছে হ্যারি পটার খ্যাত অভিনেত্রী এমা রয়েছেন বিশ্বসেরা নারীর তালিকায়। বিশ্বসেরা আবেদনময়ী নারী তারকার খেতাব অর্জন করেছেন ‘হ্যারি পটার’ খ্যাত হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন। মিলা কুইনিস, স্কারলেট জোহানসন, জেনিফার লরেন্স, ক্রিস্টেন স্টুয়ার্ট, অ্যানা হ্যাথওয়ের মতো তারকাদের পেছনে ফেলে ২০১৩ সালের সেরা আবেদনময়ী হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি। সম্প্রতি চলচ্চিত্রবিষয়ক সাময়িকী এম্পায়ারের ‘আবেদনময়ী তারকা’ শীর্ষক বার্ষিক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ১০০ জন প্রতিযোগীর মধ্য থেকে ভোটিং পদ্ধতির মাধ্যমে এ জরিপ চালানো হয়। এমা ৪০ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থানটি দখল করে নেন। এ প্রসঙ্গে উচ্ছ্বসিত এমা এক টুইটার বার্তায় লিখেছেন, ‘আমি কখনোই নিজেকে আবেদনময়ী মনে করি না। তবে আমার ভক্তদের দৃষ্টিতে বিশ্বসেরা আবেদনময়ী অভিনেত্রী হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত।’ আবেদনময়ীদের তালিকায় এমা ওয়াটসনের পরই রয়েছেন স্কারলেট জোহানসন। তিনি ৩০ শতাংশ ভোট পেয়েছেন। এছাড়াও তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছেন জেনিফার লরেন্স এবং ক্রিস্টেন স্টুয়ার্ট। এরপর যথাক্রমে রয়েছেন অ্যানা হ্যাথওয়ে, এমা স্টোন, মিলা কুনিস, নাটালি পোর্টম্যান, অ্যাঞ্জেলিনা জোলি ও জে সালদানা। সেরা দশে স্থান করে নিয়েছেন টম হিডলস্টোন (দ্বিতীয়), হেনরি কেভিল (তৃতীয়), রায়ান গসলিং (চতুর্থ), রবার্ট ডাউনি (পঞ্চম), ক্রিস হ্যামসওয়ার্থ (ষষ্ঠ), রবার্ট প্যাটিনসন (সপ্তম), হিউ জ্যাকম্যান (নবম) ও ব্রাডলি কুপার (দশম)। জানা গেছে, হ্যারিপটার খ্যাত ব্রিটিশ অভিনেত্রী এমা ওয়াটসন এবার পরিচালক স্টিফেন শবোস্কির নতুন সিনেমা ‘হোয়াইল উই আর ইয়াং’-এ একেবারেই নতুন রূপে দর্শকদের সামনে আসবেন। এডিনা হালপার্নের উপন্যাস ‘টুয়েন্টি নাইন’ অবলম্বনে এর চিত্রনাট্য লিখবেন ‘ফাইভ হানড্রেড ডেইজ অব সামার’-খ্যাত চিত্রনাট্যকার মাইকেল এইচ ওয়েবার এবং স্কট নিউস্ট্যাডার। আর ডেভিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে সিনেমাটি প্রযোজনা করবেন জন ডেভিস। সিনেমার কাহিনী হবে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে নিয়ে, যিনি মনের দিক থেকে তরুণ। পরিচালক স্টিফেন শবোস্কির সঙ্গে এর আগে ‘দ্য পার্কস অব বিয়িং অ্যা ওয়ালফ্লাওয়ার’ সিনেমায় কাজ করেছেন এমা। সম্প্রতি রাসেল ক্রো এবং অ্যান্থনি হপকিন্সের সঙ্গে জোট বেঁধেছেন নতুন সিনেমা ‘নোয়াহ’তে। এছাড়াও গুলেরমো দেল তরোর ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’ সিনেমায়ও অভিনয় করবেন এমা। হ্যারি পটার সিরিজের ছবিগুলোতে হারমিওন চরিত্রে অভিনয় করে মাত্র নয় বছর বয়সেই তারকা বনে যান তিনি। ওই চরিত্রে অভিনয় করেই বয়স ২৩ পেরিয়েছেন এমা ওয়াটসন।
এমা সম্পর্কে কিছু কথা
মা-বাবা দুজনই ইংরেজ হলেও তার জন্ম হয় প্যারিসে। পাঁচ বছর বয়স পর্যন্ত ফ্রান্সেই ছিলেন। কিছুটা ফরাসি তিনি এখনও বলেন।
মাত্র সাত বছর বয়সে ডেইজি প্র্যাট পোয়েট্রি কম্পিটিশনে সেরা হন তিনি!
সবচেয়ে কমবয়সী হিসেবে মাত্র ১৫ বছর বয়সেই টিনভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে উঠে আসেন।
২০০৯ সালে দশকের হাইয়েস্ট গ্রসিংস অ্যাকট্রেস হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে তার নাম ওঠে
পড়ালেখার প্রতি এমা মোটেই উদাসীন নন। হ্যারি পটার সিরিজে কাজের মধ্যেই সুযোগ বের করে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে ১৮ মাস পড়ালেখা করেন তিনি। এরপর ২০১১ থেকে ২০১২ পর্যন্ত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত অরচেস্টার কলেজে ইংরেজি পড়েন।
এমার ভাই অ্যালেক্স ওয়াটসনও একজন অভিনেতা ও মডেল। তার জন্মস্থানও প্যারিস। হ্যারি পটার সিরিজে তিনিও বোনের সঙ্গে অভিনয় করেছেন।
হ্যারি পটার সিরিজের বইগুলোর মধ্যে তার প্রিয় বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান’।
তিনি সমাজে নারী-পুরুষের সম-অধিকার নিশ্চিত করার দাবিদার।
তার পছন্দের ছবি ‘নটিং হিল’।
পছন্দের টিভি অনুষ্ঠান ‘ফ্রেন্ডস’।
পছন্দের নায়ক জনি ডেপ।
পছন্দের নায়িকা জুলিয়া রবার্টস।