দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ১৮:৫২
সোহেল হাবিব
কুমারখালি, কুষ্টিয়া
ঢোল বাঁশি খঞ্জনির তাল আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী সাংস্কৃতিক পদযাত্রা। নিজেরা করির ভূমিহীন সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে গত ২১ এপ্রিল এই উত্সব আনুষ্ঠানিকভাবে শুরু হয় কুষ্টিয়ার কুমারখালি শহরতলী এলঙ্গী সরদার পাড়ায়। উদ্বোধনীতে অনুষ্ঠিত হয় জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, উদ্বোধনী সংগীত, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দুই দিনে উদ্বোধনী স্পটসহ চড়াইকোল, খোদ্দতারাপুর, কুমারখালি রেলস্টেশন চত্বর ও আগ্রাকুণ্ডা স্পটে অনুষ্ঠিত হয় নাটক, গণসংগীত ও আলোচনা সভা। ‘নাটক হোক সমাজ বদলের হাতিয়ার, শোষণমুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয়’ স্লোগানে পাঁচটি স্পটে মঞ্চস্থ হয় নাটক ‘দহন জ্বালা’, ‘পরিবেশ ও ডাক্তারের ভুল চিকিত্সা’, ‘রুখে দাঁড়াও’ এবং ‘শোষণের জ্বালা’। নাটক ও গণসংগীত পরিবেশনে অংশগ্রহণ করেন চড়াইকোল সাংস্কৃতিক দলের আবদুল ওহাব, আবদুল মজিদ, আরিফুল ইসলাম, পিয়াস, আলী, রাশিদুল, মমিন, মুকুল হোসেন, আবদুল জব্বার। আগ্রাকুণ্ডা সাংস্কৃতিক দলের আবদুল হাকিম, মজিবর, মোতালেব, দুলাল, জুয়েল, আসাদুল, ইউনুস, নাইম, অর্চনা সরকার, বাবুল মোল্লা, মানিক, অন্তু, রাশেদ। বাঁখই বেতবাড়িয়া সাংস্কৃতিক দলের হোসেন কাজী, মনিরুল, আবদুল বারিক, সিরাজুল, রেজাউল, মনির হোসেন, কালাম, সাগর ও আজাদ।