নোয়াখালীতে বিএনপি নেতা অপহরণের সাতঘণ্টা পর উদ্ধার, গ্রেফতার ২
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২১:১৬
জেলার সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক মেম্বার আবুল হোসেন আবদুল (৪৮) অপহরণ হবার সাড়ে সাত ঘন্টা পর তাকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১ টার দিকে খলিফারহাট বাজার থেকে সন্ত্রাসীরা তাকে অপহরণ করার পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জেলা শহর মাইজদীর দত্তেরহাটের সড়কের পাশ থেকে পুলিশ তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুধারাম থানার পুলিশ রাতে বান্দের হাট থেকে বাবু ও রাশেদ নামের দুই যুবককে গ্রেফতার করে।
আবুল হোসেনের পরিবার জানিয়েছে, সকালে আবুল হোসেন বাড়ি থেকে টাকা উত্তোলনের জন্য খলিফারহাট সোনালী ব্যাংক শাখায় যান। এ সময় আওয়ামী লীগ সমর্থক লিটনসহ একদল সন্ত্রাসী তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণ হবার সংবাদ পেয়ে তাকে খুঁজে না পেয়ে পরিবার থেকে সুধারাম থানা পুলিশকে বিষয়টি জানানো হয়। পুলিশ তাকে উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং এক পর্যায়ে লিটনকে চাপ সৃষ্টি করলে সন্ধ্যায় আবুল হোসেনকে দত্তেরহাট এলাকায় ছেড়ে দিয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন জানান, লিটনের সাথে পূর্ব থেকে আবুল হোসেনের বিরোধ ছিল এবং লিটনের বিরুদ্ধে আবুল হোসেন একাধিক সন্ত্রাসী মামলা করেছেন। এতে লিটন ক্ষিপ্ত হয়ে তাকে অপহরণ করে। ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত দুইজন এবং লিটন ও বাবলুসহ ৪ জনের বিরুদ্ধে আবুল হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।