পাকিস্তান সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে :অ্যামনেস্টি

পাকিস্তান সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে রিপোর্ট পেশ করেছে লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রিপোর্টে পাকিস্তানকে বিশ্বের মধ্যে সাংবাদিকদের জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক দেশ হিসেবেও আখ্যায়িত করা হয়। ২০০৮ সালে পাকিস্তানে সামরিক শাসন অবসানের পর সাংবাদিক হত্যার ৩৪টি মামলার তথ্য-প্রমাণ তদন্ত করে এই প্রতিবেদন দিয়েছে সংগঠনটি। সাম্প্রতিক সময়ে পাকিস্তানের জিয়ো টেলিভিশনের নির্বাহী পরিচালক হামিদ মীরের উপর সন্ত্রাসীরা গুলি করলে অ্যামনেস্টি পাকিস্তানে সাংবাদিক নির্যাতনের উপর এই প্রতিবেদন পেশ করেন। মার্চ মাসে পাকিস্তানের আরেকজন বিখ্যাত সাংবাদিক রাজা রুমি লাহোরে সন্ত্রাসীদের গুলিতে আহত হন। অ্যামনেস্টি পাকিস্তানের বহু সংখ্যক সাংবাদিকের সাক্ষাত্কার নিলে তারা সাংবাদিক নির্যাতনে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা (আইএসআই) জড়িত বলে অভিযোগ করেন। অ্যামনেস্টি আরো বলেন, পাকিস্তানের শক্তিশালী রাজনৈতিক দল, তালেবান জঙ্গি এবং উপজাতীয় সশস্ত্র গ্রুপগুলো সাংবাদিকদের টার্গেট করেন।