ক্যারিয়ার জিজ্ঞাসা

প্রশ্ন :আমি বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ বিভাগে পড়ালেখা করছি। বিবিএ-তে আমার মেজর হলো ব্যাংকিং। পড়ালেখার সাথে সাথে আমি একটি কোম্পানিতে খণ্ডকালীন মার্কেটিংয়ের কাজও করে থাকি। কিন্তু ভবিষ্যতে আমি ব্যাংকিং খাতেই আমার ক্যারিয়ার গড়তে চাই। সেক্ষেত্রে আমার মার্কেটিংয়ের অভিজ্ঞতা কি ভবিষ্যতে আমার ক্যারিয়ার গড়ার জন্য কোনো কাজে লাগবে? ব্যাংকিংয়ে ক্যারিয়ার গড়তে চাইলে আমার আর বাড়তি কোন ধরনের পড়ালেখা করা প্রয়োজন বা কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? মোহাম্মদ আফজাল হোসেন বনানী, ঢাকা। উত্তর :চাকরির অভিজ্ঞতা সবসময়ই কাজে দেয়। পড়ালেখাকালীন আপনি যে খণ্ডকালীন কাজ করছেন, তা ব্যাংকিং খাতে চাকরি করতে গেলেও আপনার জন্য ইতিবাচক হবে। ব্যাংকেও কিন্তু মার্কেটিংয়ের কাজ রয়েছে। সেক্ষেত্রে আপনি মার্কেটিংয়ের কাজে স্বচ্ছন্দ হলে ব্যাংকের মার্কেটিং বিভাগের কাজেও নিজের ক্যারিয়ার গড়তে পারেন। আর এমনিতে ব্যাংকের চাকরির জন্য যে ধরনের প্রশ্ন করা হয়, সেগুলো সম্পর্কে আগে থেকেই প্রস্তুতি নিয়ে নিতে পারেন। তাহলে চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আপনার জন্য সহজ হবে। আর যখন যে কাজটিই করবেন, মনোযোগ দিয়ে করবেন। তাহলে প্রফেশনাল কাজের জন্য আপনি আগে থেকেই দক্ষ হয়ে উঠতে পারবেন। প্রিয় পাঠক, কোন বিষয়ে ক্যারিয়ার সম্ভাবনা কতটুকু? পড়াশুনা শেষে কেমন হবে আপনার পেশা? অর্থাত্ ক্যারিয়ার গঠন সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কাছে লিখে পাঠাতে পারেন। চিঠি লেখার ঠিকানা :বিভাগীয় সম্পাদক, ক্যারিয়ার, দৈনিক ইত্তেফাক, ৪০ কারওয়ান বাজার, ঢাকা। ইমেইল : career.ittefaq@yahoo.com