ফসল রক্ষায় বেড়িবাঁধ ভাঙ্গন রোধে বেষ্টনী তৈরি করবে সরকার
নাসিম আলী, রবিউল হাসান রবিন ও ফজলুর রহমান, পিরোজপুরের কাউখালী ও ভাণ্ডারিয়া থেকে
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৩৫
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, দক্ষিণাঞ্চলের জন্য সুদিন আসছে। তিনি বলেন, এ অঞ্চলের নদীতে জোয়ার-ভাটার কারণে জমিতে সে রকম সেচ দিতে হয় না। আবার এ কারণে জমি প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফসল নষ্ট হয়; কিন্তু অচিরেই এ সমস্যার অবসান হবে। মন্ত্রী বলেন, সরকার ২০১৬ সালের মধ্যে এ অঞ্চলে বেড়ীবাঁধ তৈরি করে ফসল রক্ষার ব্যবস্থা নিচ্ছে। চলতি বছরই এ কাজ শুরু হবে। নদী ও খালের বেড়ীবাঁধের ভাঙ্গন রোধে বেষ্টনী তৈরি করা হবে।
গতকাল বুধবার সন্ধ্যায় পিরোজপুর জেলার কাউখালী উপজেলা সদরে অনুষ্ঠিত এক কৃষক সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বরিশালকে একসময় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলা হতো; কিন্তু এখন খাদ্য নিরাপত্তার জন্য বছরে ২০/২৫ লাখ টন খাদ্য আমাদের কিনতে হয়। কৃষকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অলস সময় না কাটিয়ে বরিশাল অঞ্চলের এক ফসলী জমিকে দুই-তিন ফসলী জমিতে পরিণত করা জরুরি। সরকার বিনামূল্যে যে সার-বীজ-ট্রাক্টর-সেচ খরচ দিচ্ছে তা সদ্ব্যবহার করে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
কাউখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আউশ ফসলে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে সার বিতরণের ওই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন।
পরে বন ও পরিবেশ মন্ত্রী কাউখালীর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক সমাবেশে বলেন, সরকার বর্তমানে যে অবস্থায় রয়েছে তা বিরাজ করলে দেশে অনেক কাজ হবে। যারা ক্ষমতায় নেই তাদের স্বার্থের পক্ষে অনড় থাকলে স্থিতিশীলতা নষ্ট হবে। তাই ক্ষমতাবান সকল পক্ষকেই একত্রে বসে সিদ্ধান্ত নিতে হবে, যাতে স্থায়ীভাবে একটি নির্বাচনী ব্যবস্থা চালু রাখা যায়। এর ব্যত্যয় ঘটলে এমন অবস্থা সৃষ্টি হতে পারে যা সকলের জন্যই আশঙ্কাজনক। আমাদের সমস্যা ঐক্যবদ্ধভাবে নিজেদেরই সমাধান করতে হবে।
শিয়ালকাঠি দারুল সুুন্নাত সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে আনোয়ার হোসেন বলেন, লক্ষ্য অর্জনের জন্য সবার সাথে তাল মিলিয়ে চলা দরকার। তিনি বলেন, বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে আমাদের দেশে গরম একটু বেশি পড়ে। এর জন্য বিচলিত না হয়ে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমান।
রাতে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু কাউখালী উপজেলায় এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে পিরোজপুরের এসপি এস এম আক্তারুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আহসান কবীর, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, ভারপ্রাপ্ত ইউএনও মোহা. মিজানুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বিকালে পরিবেশ ও বন মন্ত্রী সদর ইউনিয়নের বিশেষ ভিজিএফ কর্মসূচির অধীনে জাটকা আহরণে বিরত থাকা জেলে পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন। একই কর্মসূচির আওতায় শিয়ালকাঠি ইউনিয়নেও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া মন্ত্রী বিএডিসি’র উদ্যোগে কাউখালী কেউন্দিয়া খাল পুন:খনন কাজ পরিদর্শন করেন।
এসব কর্মসূচিতে কাউখালী উপজেলা জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. শাহ আলম তালুকদারসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গতকাল দুপুরে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে পল্লী বিদ্যুত্ সমিতির একটি উপ-কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর আগে একই ইউনিয়নে জেলে পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করেন। এ সময় ভিটাবাড়িয়া মঞ্জু মার্কেটে এক সমাবেশে তিনি বলেন, কাজ করতে হলে রাজনৈতিক দলমতের ঊর্ধ্বে সকল মানুষের ঐক্য থাকা দরকার। যে যার আদর্শ-উদ্দেশ্য, ঘোষণা পত্র অনুযায়ী নিজ নিজ দলের রাজনীতি করবেন কিন্তু এলাকার স্বার্থে ঐক্যবদ্ধ না থাকলে মানুষের অধিকার বিনষ্ট হয়। তিনি বলেন, আমাদের মত উন্নয়নশীল দরিদ্র দেশে ঐক্যের কোন বিকল্প নেই। যা থাকলে কখনই মানুষ বঞ্চিত হয় না। নিয়ম-কানুন-প্রশাসনের প্রতি আনুগত্য ও সহযোগিতার মনোভাব বজায় থাকলে এলাকায় শান্তি-শৃঙ্খলা অক্ষুণ্ন থাকে।
বন মন্ত্রী সমাবেশে আরো বলেন, ঝড়-ঝঞ্ঝা-জলোচ্ছ্বাস থেকে রক্ষা পেতে সুন্দরবনকে সংরক্ষণ করা অপরিহার্য। অবৈধভাবে এর বনজ সম্পদ আহরণ ও কাঠ চুরি বন্ধ করা আমাদের কর্তব্য। এ ক্ষেত্রে কঠোর আইন প্রয়োগ করতে হবে।
ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম তালুকদার উজ্জ্বল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ ও ইউনিয়ন জেপি’র সভাপতি আব্দুল হালিম শরীফ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়ার ইউএনও কাজী মাহবুবুর রশীদ, পিরোজপুর পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, পিরোজপুর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী রফিকুল হাসান প্রমুখ।
এছাড়া মন্ত্রী সকালে এলজিইডি’র উদ্যোগে ভিটাবাড়িয়া ইউনিয়নে গোলপাতার হাট থেকে কঁচা নদীর মোহনা পর্যন্ত পোনা নদীর ভাঙ্গনরোধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।