মোদীর বিরুদ্ধে দুই জিডি

ভারতের লোকসভা নির্বাচনে গতকাল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভারতীয় জনতা দলের (বিজেপি) প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে দুটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে পুলিশ। নির্বাচন কমিশনের নির্দেশে এই জিডি করা হয়। গুজরাটের আহমেদাবাদের পুলিশ (অপরাধ) এই জিডি করেছে বলে জানিয়েছেন গুজরাট পুলিশের ডিজিপি পিসি ঠাকুর। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, মোদী ভারতের প্রধানমন্ত্রী হলে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে। খবর টাইমস অব ইন্ডিয়ার। গতকাল নির্বাচন কমিশনের একটি প্যানেল পুলিশকে জিডি করার নির্দেশ দেয়। প্যানেল জানায়, মোদী নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৫১ এর ১২৬(১/এ) এবং ১২৬ (১/বি) ধারা লঙ্ঘন করেছেন। এই ধারা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে মোদীর দুই বছর পর্যন্ত সাজা হতে পারে। সকালে আহমেদাবাদের গান্ধীনগরের ঘাটলোদিয়ার নিশান স্কুলে ভোট দিতে গিয়েছিলেন মোদী। ভোট দিয়ে বেরিয়ে সংবাদমাধ্যমের সামনে কথা বলার সময় বিজেপি’র প্রতীক তুলে ধরেন। সে বিষয়ে প্রশ্ন তোলে কংগ্রেস ও আম আদমি পার্টি। নির্বাচন কমিশনের কাছে গুজরাটের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়। নির্বাচনী বিধি ভাঙার পাশাপাশি কমিশনের কাছে বিজেপি’র প্রধানমন্ত্রী প্রার্থীর বিরুদ্ধে এফআইআর করার দাবি জানায় কংগ্রেস। এরপরই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। গুজরাটের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে মোদীর বিরুদ্ধে অভিযোগ অথবা এফআইআর দায়ের করার নির্দেশ দিয়ে সম্পূর্ণ রিপোর্ট চেয়ে পাঠায় কমিশন। কমিশনের মতে, নির্বাচনী বিধি ভেঙ্গেছেন মোদী। কেননা, গুজরাটসহ দেশের বিভিন্ন কেন্দ্রে এ দিন ভোটগ্রহণ চলেছে। তার মধ্যে তিনি যেভাবে প্রকাশ্যে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি’র প্রতীক সামনে রেখে বক্তব্য রেখেছেন তা নিয়ম বিরুদ্ধ। শুধু মোদী নন, যে টেলিভিশন চ্যানেলগুলিতে তাঁর ওই বক্তব্য সমপ্রচারিত হয়েছে, তাদেরও চিঠি পাঠাচ্ছে কমিশন। আহমেদাবাদের পুলিশ কমিশনার শিভানন্দ জানিয়েছেন, আমরা নির্বাচন কমিশনের নির্দেশ পালন করেছি এবং এ সংক্রান্ত প্রতিবেদন কমিশনের কাছে পাঠানো হবে। মোদীর বক্তব্যের নিন্দা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান গতকাল এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এলে এই অঞ্চলের স্থিতিশীলতা তথা শান্তি বিনষ্ট হতে পারে। তিনি শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমকে নিয়ে মোদীর বক্তব্যের নিন্দা জানান। সমপ্রতি মোদী বলেন, তিনি ক্ষমতায় গেলে দাউদ ইব্রাহিমকে পাকিস্তান থেকে ফিরিয়ে আনবেন। নিসার আলী খান এই বক্তব্যের নিন্দা জানিয়ে বলেন, তার দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেওয়া ঠিক হয়নি। আগে তার জানা উচিত দাউদ ইব্রাহিম কোথায় আছে।