মোদী নয়, ধর্মনিরপেক্ষ একজনকে প্রধানমন্ত্রী পদে চাই : অমর্ত্য সেন

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদের যোগ্য নন। আমি ধর্মনিরপেক্ষ একজনকে ভারতের প্রধানমন্ত্রী পদে চাই। বুধবার শান্তিনিকেতনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমন মন্তব্য করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। গতকাল বুধবার অমর্ত্য সেন ভোট দিতে লন্ডন থেকে শান্তিনিকেতনে আসেন। সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, মোদীকে নিয়ে আমার মতামত সবারই জানা। প্রধানমন্ত্রীপদের জন্য আমি মোদীকে যোগ্য প্রার্থী মনে করি না। কিছু মানুষের মধ্যে মোদী অবশ্যই খুবই জনপ্রিয়। ব্যবসায়িদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় তিনি। কিন্তু তার মানেই তিনি আমাদের প্রিয় প্রার্থী হবেন তার কোনও মানে নেই। একই সঙ্গে বিশিষ্ট এই অর্থনীতিবিদ জানিয়েছেন আমি ধর্মনিরপেক্ষ একজনকে ভারতের প্রধানমন্ত্রী পদে চাই। এমন একজনকে চাই যাঁকে দেখে এদেশের সংখ্যালঘু মানুষেরা যেমন মুসলিম, খ্রীষ্টানরা ভয় পাবেন না। দেশের নেতার অন্যতম চরিত্র হওয়া উচিত এটাই।