বাকৃবিতে ছাত্র ধর্মঘট অব্যাহত, অবরুদ্ধ উপাচার্য

ছাত্র ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল বুধবারও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কোন ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ছাত্র সায়াদ হত্যার সুষ্ঠু বিচার, সম্পূরক তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশ, শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন দাবিতে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন করছে। অন্যদিকে ক্লাস-পরীক্ষা চালুর দাবিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে গতকাল বিকাল পর্যন্ত উপাচার্য বাসভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে উপাচার্যকে অবরুদ্ধ করে রেখেছেন অনুষদীয় ছাত্র সমিতির নেতা-কর্মীরা। গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে মিছিল করে প্রশাসন ভবনের প্রধান ফটকের সামনে সমাবেশ করেন। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জহিরুল হক খন্দকার ও প্রক্টর অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদ এ সময় উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আলোচনায় বসার আহ্বান জানান। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল তাদের সঙ্গে আলোচনায় বসে। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানানো হলে তারা আগামী সোমবারের মধ্যে সম্পূরক তদন্ত কমিটির রিপোর্ট পেশ করার দাবি জানান। এদিকে ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে উপাচার্যের বাসভবন ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে বিভিন্ন অনুষদীয় ছাত্র সমিতির নেতা-কর্মীরা। এর ফলে গতকাল দিনব্যাপী কার্যত অবরুদ্ধ ছিলেন উপাচার্য। এ ব্যাপারে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল হক বলেন, অনুষদীয় ছাত্র সমিতির নেতা-কর্মীরা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। তারা ক্লাস-পরীক্ষা চাইলে উপাচার্যের বাসভবন ঘেরাও করত না। ক্যাম্পাসে যে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ বৃহস্পতিবার জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় স্থিতিশীল করার ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান। এদিকে গতকাল দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাকৃবি শাখা ছাত্রলীগ এক সংবাদ সম্মেলনে অবিলম্বে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক করে ক্লাস-পরীক্ষা চালু করার দাবি জানায়। প্রসঙ্গত, ছাত্র সমিতির চলমান আন্দোলনে সমর্থন দিচ্ছে ছাত্রলীগ।