নাসিম ওসমান আর নেই

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য নাসিম ওসমান (৬৩) হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে..... রাজিউন)। গত মঙ্গলবার রাত ১টায় ভারতের রাজধানী দিল্লীর দেরাদুন শহরের একটি ক্লিনিকে তিনি মারা যান। তিনি ডায়াবেটিস রোগে ভুগছিলেন। নাসিম ওসমানের মৃত্যুতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এছাড়া জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম প্রমুখ শোক প্রকাশ করেন। নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি শামীম ওসমানের বড় ভাই। তার ছোট ভাই বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি সেলিম ওসমান। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মা নাগিনা জোহা এখনও জীবিত রয়েছেন। তার বসয় ৯০। নাসিম ওসমান ১৯৫৩ সালের ৩১ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি জাতীয় সংসদের ৪ বারের নির্বাচিত এমপি। ১৯৮৬, ১৯৮৮, ২০০৮ এবং ২০১৪ সালে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। মুক্তিযুদ্ধের সময় দেরাদুনে তিনি ‘আত্মঘাতী প্রশিক্ষণ’ নিয়েছিলেন। তার মৃত্যুতে জেলা জাতীয় পার্টির (এ) নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। সকাল থেকে তার রাজনৈতিক কার্যালয়, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব, চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারসহ শহর ও বন্দরের বিভিন্ন এলাকায় চলছে কোরআনখানি ও দোয়া। এছাড়া তার মৃত্যুর খবরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে । মহানগর জাতীয় পার্টির (এ) সদস্য সচিব আকরাম আলী শাহীন জানান, নাসিম ওসমানের লাশ দেশে আসার পর সংসদ ভবনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নারায়ণগঞ্জে তার দ্বিতীয় জানাজা শেষে মাসদাইর করবস্থানে বাবা ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা এ কে এম শামসুজ্জোহার কবরের পাশে তাকে কবর দেয়া হবে। সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ভারপ্রাপ্ত সভাপতি গাউছুল আজম জানান, মুক্তিযোদ্ধা নাসিম ওসমানকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ সহ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। জেপি’র শোক পরিবেশ ও বনমন্ত্রী ও জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এবং জেপির মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। গতকাল এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। - প্রেস বিজ্ঞপ্তি এছাড়া নাসিম ওসমানের মৃত্যুতে জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছে জাতীয় শ্রমিক লীগ, রেলওয়ে শ্রমিক লীগসহ বিভিন্ন সংগঠন।