আজ ময়মনসিংহ দিবস, প্রেসক্লাবে বর্ণাঢ্য অনুষ্ঠান
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৪৫
শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি আর ঐতিহ্যের সূতিকাগার বৃহত্তর ময়মনসিংহ জেলার ২২৭ বছর পূর্তি আজ। এ উপলক্ষে বিকাল ৩ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে শোভাযাত্রা, ২২৭ পাউন্ড কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী জিয়াফত অনুষ্ঠিত হবে। ১৭৮৭ সালের ১ মে এই জেলা প্রতিষ্ঠিত হয়েছিল।
ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি এবং বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য এই জেলা গঠন করা হয়। বিভিন্ন সূত্রে জানা যায়, ১৯৭০ সাল পর্যন্ত ময়মনসিংহ জেলা ছিল বাংলাদেশের বৃহত্তম জেলা। অন্যদিকে ময়মনসিংহ শহরটি দেশের প্রাচীনতম শহরগুলোর মধ্যে অন্যতম। বাংলা সাহিত্যের অনেক প্রাচীন পুস্তকেও এই শহরের নামোল্লেখ দেখা যায়। ময়মনসিংহের ঐতিহ্যের প্রধান অঙ্গ হচ্ছে মৈমনসিংহ গীতিকা যা প্রাচীন পুঁথি ও লোকগাঁথার সংকলন হিসেবে প্রকাশিত হয়। এই সংকলনে ময়মনসিংহ বলতে এখানে সমগ্র বৃহত্তর ময়মনসিংহ বর্তমান ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জকে বোঝানো হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি