হজ্ব ফ্লাইট ২৭ আগস্ট শুরু

আগামী ২৭ আগস্ট থেকে শুরু হচ্ছে হজ্ব ফ্লাইট। চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। হাজীদের ফিরতি ফ্লাইট ৮ অক্টোবর শুরু হয়ে শেষ হবে ৮ নভেম্বর। মন্ত্রণালয়ে গতকাল বুধবার দুপুরে হজ্ব ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এ কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ে তার সভাপতিত্বে হজ্ব যাত্রী পরিবহন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। রাশেদ খান মেনন বলেন, এ বছর ১ লাখ ১ হাজার ৭১৮ জন হজ্বে যেতে পারবেন। সৌদি আরব ও বাংলাদেশ অর্ধেক-অর্ধেক যাত্রী বহন করবে। হজ্ব ফ্লাইটের বহরে ৪টি সর্বাধুনিক বিমান ভাড়া করা হচ্ছে। এবার সরকারিভাবে হজ্ব পালনের ২টি প্যাকেজ রয়েছে। কোরবানির খরচ বাদে প্রথম প্যাকেজে ব্যয় হবে ৩ লাখ ৫৪ হাজার ৩১৬ টাকা ও দ্বিতীয় প্যাকেজে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় একজন বাংলাদেশির হজ্ব পালনে ব্যয় হবে ২ লাখ ৯৫ হাজার ৭৭৬ টাকা। চাঁদ দেখা সাপেক্ষে ৪ অক্টোবর ঈদুল আজহা অনুষ্ঠিত হবার কথা রয়েছে।