কুড়িগ্রামে ৩ দিন ধরে বিক্ষোভ, মানববন্ধন হোতা গ্রেফতার হয়নি

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ হুজুর আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের ছবি তুলে তা নগ্ন করে প্রকাশ করায় শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে ক্ষোভ ও আতংক বিরাজ করছে। অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবিতে গত ৩ দিন ধরে বিদ্যালয় সংলগ্ন কালিগঞ্জ বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবক ও এলাকাবাসী। এ ঘটনায় থানায় মামলা হলেও ঘটনার মূল হোতা ঐ প্রতিষ্ঠানের কম্পিউটার অপারেটর কাম কেরানী আশরাফুল আলমকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামি গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত মেয়েদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন অভিভাবকরা। জানা যায়, ঐ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরে গেলে কম্পিউটার অপারেটর আশরাফুল আলম নিজ ক্যামেরায় ছবি তুলে। পরবর্তীতে ছবি দেখিয়ে কু-প্রস্তাব দিলে ছাত্রীরা রাজি না হওয়ায় কম্পিউটারে ছবির মাথা কেটে নগ্ন ছবির সাথে জুড়ে দিয়ে প্রকাশ করে। এসব নগ্ন ছবি কালিগঞ্জ বাজারের দেয়াল, গাছ, বিভিন্ন কম্পিউটার দোকান ও মোবাইল ফোনে ছড়িয়ে দেয়। এ ঘটনায় আশরাফুল আলমকে মূল আসামি করে অজ্ঞাত ৫/৬ জনের নামে এক অভিভাবক গত ২৪ এপ্রিল নাগেশ্বরী থানায় মামলা করেন। ছাত্রীদের অভিভাবকরা জানান, আমাদের মেয়েদের নগ্ন ছবি বানিয়ে ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছে। থানায় মামলা হলেও প্রধান আসামি আশরাফুল আলম ঐ শিক্ষা প্রতিষ্ঠানে স্বপদে বহাল তবিয়তে আছে। জড়িতরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আমরা ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবো।